Dhaka Mail Logo

আন্তর্জাতিক

কৌশলগত তাইজ পর্বতশৃঙ্গ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইয়েমেনি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ এএম

হুথি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের পর তারা তাইজ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ পাহাড়ের চূড়া দখলের দাবি জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। মঙ্গলবার রাতে ন্যাশন’স শিল্ড ফোর্সেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, প্রদেশটিতে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে তাদের সেনারা জাবাল হাবাশি জেলার সর্বোচ্চ চূড়াটি দখল করেছে।

তবে তারা এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি। হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার ন্যাশন’স শিল্ড ফোর্সেস তাইজের আল-ওয়াজিয়াহ জেলায় হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। বৃহত্তর ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে।

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি সোমবার এ অভিযানের ঘোষণা দেন। 

তিনি বলেন, এর লক্ষ্য হলো রাজধানী সানা পুনর্দখল করা এবং হুথিদের নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করা।

ইয়েমেনের সরকারি বাহিনী সোমবার আরও জানায়, তারা লোহিত সাগরের বন্দরনগরী মোকা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব এলাকা পুনর্দখল করেছে। তবে হুথিরা ওই দুই এলাকার নিয়ন্ত্রণ হারানোর কথা অস্বীকার করেছে।

সাম্প্রতিক এই উত্তেজনা ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে সংঘাতের সবচেয়ে বড় লড়াইগুলোর একটি। ওই যুদ্ধবিরতির পর দেশটিতে তুলনামূলক শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।

এআরএম