Dhaka Mail Logo

আন্তর্জাতিক

‘কাপুরুষতার’ দায়ে ডিআর কঙ্গোতে ২৭ সেনার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ এএম

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত।

আদালতের নথি অনুযায়ী, ‘এএফসি/এম২৩’ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় সম্মুখসারি থেকে সরে যাওয়ায় তাদের ‘কাপুরুষতার’ দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

দক্ষিণ কিভু প্রদেশের উভিরা শহরের একটি সামরিক আদালতে ২১তম সিম্বা ব্যাটালিয়নের অন্তত ১১২ সেনার বিচার শুরু হয়েছিল গত ১৫ সেপ্টেম্বর। আগস্টে পূর্ব কঙ্গোয় ‘এএফসি/এম২৩’ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় নির্দেশ অমান্য ও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে তাদের বিচার করা হয়।

আদালত জানায়, শুক্রবার ৫৪ সেনাকে নির্দেশ অমান্য করার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও ১০ সেনার ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পর্যাপ্ত প্রমাণ না থাকায় খালাস পান ২১ সেনা সদস্য। খালাস পাওয়া সেনাদের মধ্যে পাঁচজন নারী।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, উভিরাকে ঘিরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিরাপদ রাখতে ওই সেনাদের মোতায়েন করা হয়েছিল।

এর আগে মে মাসে কঙ্গোর একটি সামরিক আদালত ৫৮ সেনাকে তিন বছরের কারাদণ্ড দেন। ‘এএফসি/এম২৩’ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় সম্মুখসারি থেকে সরে যাওয়ায় ‘নির্দেশ অমান্যের’ অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়।

সাম্প্রতিক এই বিচার এমন এক সময়ে হলো, যখন উভিরা অঞ্চলে ‘এএফসি/এম২৩’ বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। উভয়পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করেছে।

পূর্ব কঙ্গোর চলমান সংঘাতের অন্যতম প্রধান পক্ষ এম২৩ বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটি দেশটির পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য এলাকা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে প্রাদেশিক রাজধানী গোমা ও বুকাভুও রয়েছে। ২০২৫ সালের শুরুর দিকে শহর দুটি দখল করে নেয় এম২৩।

কঙ্গো সরকার, জাতিসংঘ ও কয়েকটি পশ্চিমা দেশ এম২৩কে সমর্থনের জন্য প্রতিবেশী রুয়ান্ডাকে দায়ী করে আসছে। তবে রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করে। সূত্র: আনাদোলু এজেন্সি।

এমআর