আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার-২০২৬’ বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৫ অক্টোবর)। এদিন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে এবারের নোবেল সপ্তাহ।
নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ইতোমধ্যে এবারের ঘোষণা সূচি প্রকাশ করা হয়েছে। ধারাবাহিকভাবে ছয়টি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে।
২০২৬ সালের পুরস্কার নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত সম্ভাব্য বিজয়ীদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

প্রথা অনুযায়ী, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা। সে হিসেবে এবার নোবেল পুরস্কার-২০২৬-এর প্রথম ঘোষণা আসবে ৫ অক্টোবর, সোমবার। স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটের পর স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি থেকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
এর পরদিন ৬ অক্টোবর ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের পর এ ঘোষণা আসার কথা রয়েছে।
৭ অক্টোবর একই সময় ও একই প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে রসায়নে নোবেল পুরস্কার। বিজ্ঞানীদের পাশাপাশি বিশ্বজুড়ে গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর নজর থাকবে এই ঘোষণার দিকে।
নোবেল সপ্তাহের অন্যতম বহুল প্রতীক্ষিত ঘোষণা সাহিত্যে নোবেল পুরস্কার। আগামী ৮ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১টার পর সুইডিশ একাডেমি স্টকহোম থেকে এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করবে।
সাহিত্যে নোবেল ঘোষণাকে ঘিরে প্রতিবছরই বিশ্বজুড়ে নানা জল্পনা থাকে। বিভিন্ন লেখক ও সাহিত্যিকের নাম আলোচনায় এলেও নোবেল কমিটি আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সম্ভাবনাকে নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা করা যায় না।
এ বছর ৯ অক্টোবর ঘোষণা করা হবে নোবেল শান্তি পুরস্কার। নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি স্থানীয় সময় সকাল ১১টায় এ পুরস্কার ঘোষণা করবে।
বিশ্বের চলমান সংঘাত, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ, মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলোর কারণে শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা বরাবরই বিশেষ আগ্রহ তৈরি করে।
নোবেল সপ্তাহে এক দিনের বিরতির পর ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের পর এ পুরস্কার ঘোষণা করবে।
২০২৬ সালে প্রতিটি পূর্ণ নোবেল পুরস্কারের অর্থমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। পুরস্কারের অর্থ একাধিক বিজয়ীর মধ্যে ভাগ হলে নিয়ম অনুযায়ী তা ভাগ করে দেওয়া হয়।
উল্লেখ্য, ১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেল ডিনামাইটের উদ্ভাবক। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক এ পুরস্কার দেওয়া হচ্ছে।
আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল না। পরবর্তীতে ১৯৬৮ সাল ‘দ্য ব্যাংক অব সুইডেনের’ নেওয়া এক বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়। সেই থেকে অর্থনীতির পুরস্কারটিও নোবেলের অন্যান্য পুরস্কারের মতো একই সময় ঘোষণা এবং প্রদান করা হয়।
অর্থনীতি পুরস্কারের প্রাইজমানি নোবেলের অন্যান্য পুরস্কারের মতো সমান হওয়ায় সম্মাননার দিক থেকেও একই বিবেচিত হয়। অর্থনীতির পুরস্কারকে ‘বিকল্প নোবেল পুরস্কার’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।
এমএইচআর