Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আন্দোলনের চাপে ইমরান ইস্যুতে সুর নরম পাকিস্তান সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

রাজনৈতিক সংঘাতে ইতি টানতে অবশেষে সক্রিয় হল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। 

জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই)-এর নেতাদের সঙ্গে শনিবার (৩ অক্টোবর) থেকে সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। খবর দ্যা ডনের।

রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু তার প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করেনি শাহবাজ সরকার। এই পরিস্থিতিতে বিশ্বকাপজয়ী সাবেক পাক ক্রিকেট অধিনায়কের অনুগামীরা তার মুক্তির দাবিতে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন। 

রোববার (৪ অক্টোবর) ‘লং মার্চ’-এর ঘোষণা করা হয়েছে পিটিআই নেতৃত্বের তরফে। পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে, নতুন করে অশান্তি ঠেকাতে পিটিআই নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র স্পিকার সরদার আয়াজ সাদিকের সভাপতিত্বে তার দফতরে গত শুক্রবার হয় প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। 

সেখানে ইমরানকে হাসপাতালে স্থানান্তরের দাবি জানান পিটিআই। অন্য দিকে, সরকারপক্ষ ৪ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচি বাতিলের আবেদন জানান। 

শনিবার হয় দ্বিতীয় দফার বৈঠক। বৈঠকে সরকারপক্ষের প্রতিনিধি ছিলেন পাক অধিকৃত কাশ্মীর বিষয়ক মন্ত্রী আমির মুকাম, প্রধানমন্ত্রী শাহবাজের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লা, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী, পাশাপাশি পিপিপির সিনেট সদস্য শেরি রহমান এবং ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য সৈয়দ নাভিদ কামার ও এজাজ হুসেন জাখরানি।

অন্য দিকে, পিটিআই প্রতিনিধিদলে ছিলেন, সিনেটের বিরোধী দলনেতা আল্লামা রাজা নাসির আব্বাস, পিটিআইয়ের অন্তর্বর্তী চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান, সেক্রেটারি জেনারেল সলমন আক্রম রাজা, দলের প্রথম সারির নেতা আমির ডোগার ও আসাদ কায়সার। 

পিটিআই নেতৃত্বাধীন বিরোধী জোট তেহরিক-ই-তাহাফুজ আইন-ই-পাকিস্তান (টিটিএম)-এর তরফে গহর বলেন, আমাদের নেতা ইমরান খান প্রতিনধিদলকে আলোচনার জন্য ‘পূর্ণ ক্ষমতা’ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্ট মাস থেকে রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। তোষাখানা মামলায় ২০২৫ সালে ১৭ বছরের সাজা হয়েছিল ইমরান এবং তার স্ত্রী বুশরা বিবির। 

প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আল-কাদির রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে অবৈধ ভাবে জমি ও সুবিধা নেওয়ার মামলায় তার ১৪ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’-সহ একাধিক মামলা চলছে ইমরানের বিরুদ্ধে।

-এমএমএস