Dhaka Mail Logo

আন্তর্জাতিক

রিয়াদে আরামকোর তেল স্থাপনার কাছে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনার কাছে বড় ধরনের আগুন ও ঘন ধোঁয়া দেখা গেছে। তবে আগুনের কারণ কিংবা এটি কোনো হামলার ফল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) এক প্রত্যক্ষদর্শীর বরাতে এই তথ্য জানিযেচে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, আগুন থেকে ধোঁয়ার বড় কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। তবে ঘটনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। 

আরামকোর কাছেও মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন সৌদি আরব ও ইয়েমেনের হুথি বাহিনীর মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। 

তবে শনিবার রিয়াদের আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এদিকে সৌদি আরব ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। 

আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য অভিযানের মধ্যে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া এবং একাধিক দিক থেকে হামলার পরিকল্পনা রয়েছে। অভিযানে সৌদি বিমান হামলার পাশাপাশি রিয়াদ-সমর্থিত ইয়েমেনি বাহিনী স্থল অভিযান পরিচালনা করতে পারে।

সূত্র: রয়টার্স

এমএইচআর