আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।
শনিবার (৩ অক্টোবর) পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী সংগঠন বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ক্ষমতাসীন বিজেপি জোটের সঙ্গে যুক্ত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালদহ রেলস্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে অগ্রসর হয়। মিছিলে বিবেকানন্দ মিশনের শতাধিক সন্ন্যাসী-সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের সমর্থকেরা অংশ নেন। এসময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার ছিল।
মিছিলটি বাংলাদেশ মিশনের কাছে পৌঁছালে কলকাতা পুলিশ তাদের সামনে এগোতে বাধা দেয়। মিশন থেকে কয়েকশ গজ দূরে পুলিশ ব্যারিকেড স্থাপন করে।
বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাংলাদেশ মিশন-সংলগ্ন এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায়।
এদিকে পুলিশের বাধার কারণে বিক্ষোভকারীরা সরাসরি বাংলাদেশ মিশনের সামনে যেতে পারেননি। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মিশনে প্রবেশ করে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার পরও কিছু সময় মিশনের বাইরে বিক্ষোভ করে এলাকা ত্যাগ করেন বিক্ষোভকারীরা।
এমএইচআর