আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
পাকিস্তানের রাষ্ট্রীয় রেডিও ‘রেডিও পাকিস্তান’ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার কাসুর জেলার লাধার গ্রামের তিন বাসিন্দা সীমান্তের একটি পিলারের কয়েক ধাপ সামনে যাওয়ার পর বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালান।
পাকিস্তানি সূত্রের দাবি, তিনজনই নিরস্ত্র ছিলেন এবং তারা সীমান্তের বেড়া পার হওয়ার কোনো চেষ্টা করেননি। কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের ওপর গুলি চালালে আজমত রাসুল এবং মহসিন জুট নামের দুজন নিহত হন।
অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাবের তারন তারন এলাকায় বিএসএফ সদস্যরা দুই পাকিস্তানি নাগরিককে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে দেখেন। সতর্ক করার পরও তারা এগিয়ে আসলে বিএসএফ গুলি চালালে দুজন নিহত হন।
ঘটনার বিষয়ে ভারতীয় সরকারের পক্ষ থকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে প্রতিবাদ জানিয়েছে।
প্রসঙ্গত, ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর মাত্র একদিন আগে কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে এক সন্দেহভাজন লস্কর-ই-তৈয়বার কমান্ডার নিহত হওয়ার ভারতীয় দাবি নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা যায়।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি ছিল, অভিযানে মোহাম্মদ আসিফ ওরফে ‘মুসা’ নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমে তাকে পাকিস্তানের সাবেক সেনাসদস্য এবং লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়।
পাকিস্তান অবশ্য ওই পরিচয় ও হত্যার দাবি প্রত্যাখ্যান করে।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর— আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ আসিফ নামের ওই সাবেক সেনাসদস্যকে সাংবাদিকদের সামনে হাজির করেন।
ঘটনাটিকে ভারতের সাজানো গল্প হিসেবে অভিহিত করে পাকিস্তান আইএসপিআর হুঁশিয়ারি দিয়েছে, এ ধরনের কোনো ঘটনার ভিত্তিতে ভারত নতুন করে সামরিক পদক্ষেপ নিলে পাকিস্তানের প্রতিক্রিয়া কঠোর হতে পারে।
সূত্র: রয়টার্স, এনডিটিভি
এমএইচআর