আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (৩ অক্টোবর) ভোরে গাজা সিটির রেমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে এ হামলা হয়। হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। খবর: আল জাজিরার।
রেমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর একটি। সেখানে অস্থায়ী ক্যাম্পে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়ে আছেন।
খান ইউনিস থেকে আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের বলেন, বাসিন্দারা যখন ঘুমিয়ে ছিলেন, তখন গভীর রাতে হামলাটি চালানো হয়।
তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিমানগুলোর শব্দ ক্রমেই জোরালো হতে শুনি। এরপর পরপর তিনটি হামলা হয়। এতে ওই অ্যাপার্টমেন্টে থাকা মানুষজন নিহত হন।’
হামলায় ভবনের ওই অ্যাপার্টমেন্টটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিচের তলাগুলোতেও ধ্বংসযজ্ঞে পরিণত হয়। ভবনটিতে অন্তত এক ঘণ্টা আগুন জ্বলছিল। পরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আল-শায়ের ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছিল।
নিখোঁজ ব্যক্তি ও মরদেহের সন্ধানে সিভিল ডিফেন্সের কর্মীরা অভিযান চালিয়ে যান। এ সময় এলাকাটির আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যায় এবং গাজার আকাশে নিচু দিয়ে যুদ্ধবিমান ওড়ার শব্দ শোনা যাচ্ছিল।
আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিস্টান নারী ও তার মেয়ে রয়েছেন। আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
এমআর