Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইসরায়েলে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১ 

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের কাছে একটি ছোট হালকা বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানে থাকা একজন আরোহী নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুক্রবার (২ অক্টোবর) কাফর কারা এলাকার ৬৫ নম্বর হাইওয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। 

প্রতিবেদনে বলা হয়, আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে তীব্র আগুন ধরে যায় এবং তা দ্রুত পাশের বসতবাড়ির দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। পরবর্তীতে হাদেরা ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইসরায়েলি আম্বুল্যান্স পরিষেবা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর একজন আরোহী ভেতরেই আটকা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর এক ৩৪ বছর বয়সী আরোহীকে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাইফার রামবাম মেডিকেল সেন্টারে ভর্তি করে প্যারামেডিকরা। 

এদিকে দুর্ঘটনার পরপরই নিরাপত্তা ও জরুরি উদ্ধারকাজের সুবিধার্থে ইসরায়েল পুলিশ ব্যস্ততম ৬৫ নম্বর হাইওয়ে দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, বিমানটি শস্যক্ষেতে কীটনাশক ছিটানোর কাজে ব্যবহৃত একটি বিমান ছিল বলে মনে হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
 
সূত্র: টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট 

এমএইচআর