Dhaka Mail Logo

আন্তর্জাতিক

গাজায় চলন্ত গাড়িতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

গাজা উপত্যকায় একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপেক্ষে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

স্থানীয় চিকিৎসাকর্মীদের বরাতে আলজাজিরা জানিয়েছে, বুধবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় দক্ষিণ গাজাগামী একটি ভক্সওয়াগেন গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ঘটনাস্থলেই অন্তত পাচঁজন নিহত এবং আরও ১৪ জন আহত হন। আহতদের আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, তাল আল-হাওয়া এলাকায় গাড়িটিকে লক্ষ্য করে চালানো হামলায় যারা নিহত হয়েছেন তারা সবাই গাড়ির ভেতর ছিলেন নাকি বাইরে ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে গাজার বিভিন্ন এলাকায় একই সময়ে আরও হামলার খবর পাওয়া গেছে।

চিকিৎসা সূত্রের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা সিটির আল-ওয়াহদা স্ট্রিটে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত এবং তার স্বামী গুরুতর আহত হয়েছেন। 

আনাদোলুর সংবাদদাতা প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, একটি ইসরায়েলি হেলিকপ্টার তাদের বাড়িতে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

উত্তর ও দক্ষিণ গাজার আরও কয়েকটি এলাকায় গোলাবর্ষণ ও ড্রোন হামলার খবরও পাওয়া গেছে।

এছাড়াও একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সাঁজোয়া যান থেকে ব্যাপক গোলাবর্ষণ করলে এক ফিলিস্তিনি নারী পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় বিমান হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। 

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এসব ঘটনায় ১ হাজার ৪৩১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ হাজারের বেশি মানুষ। 

চিকিৎসকরা বলছেন, বছরের পর বছর ধরে ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে স্বাস্থ্য ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়ায় আহতদের জীবন বাঁচানো কঠিন।

সূত্র: আলজাজিরা, আনাদোলু


এমএইচআর