আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম
মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা এল মানসুরি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।
তিনি আরব বিশ্বে এই পদে আসীন হওয়া দ্বিতীয় নারী। খবর আল-জাজিরার।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বরের সংসদ নির্বাচনে তার দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৩৯৫ আসনের মধ্যে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হয়েছে।
তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসন না পাওয়ায় নতুন সরকার গঠনে তাকে অন্য দলগুলোর সঙ্গে জোট করতে হবে।
৫০ বছর বয়সি ফাতিমা জাহরা পেশায় আইনজীবী। তিনি এর আগে মারাকেশের মেয়র এবং আবাসন ও নগর পরিকল্পনাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন সরকারকে মূল্যস্ফীতি, কর্মসংস্থান ও মজুরির মতো অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বড় অবকাঠামো ও বিনিয়োগ প্রকল্প এগিয়ে নিতে হবে।
ফাতিমা জাহরার এই নিয়োগ মরক্কোর রাজনৈতিক ইতিহাসে নারীর নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে ফাতিমা জাহরা এল মানসুরি তার এই নিয়োগকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, “আমাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকারের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করছেন। এটি কেবল আমার জন্যই নয়, বরং মরক্কোর সব নারীর জন্য গর্বের বিষয়।”
-এমএমএস