Dhaka Mail Logo

আন্তর্জাতিক

রাশিয়ার পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

রাশিয়ার আমুর অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় দেশটির পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানটির ছয়জন ক্রু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমুর অঞ্চলের ইউক্রেনকা সামরিক ঘাঁটির আশপাশে দুর্ঘটনাটি ঘটে। এটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দূরপাল্লার বোমারু বিমানঘাঁটি হিসেবে পরিচিত। 

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানটিকে আগুনে জ্বলতে এবং ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টিইউ-৯৫এমএস কৌশলগত বোমারু বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং দুর্ঘটনাটি এমন একটি এলাকায় ঘটে, যেখানে কোনো জনবসতি ছিল না। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটিতে মোট সাতজন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর ছয়জনের মৃত্যু হয় এবং একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। 

রুশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানটি কোনো গোলাবারুদ বা অস্ত্র বহন করছিল না। ফলে দুর্ঘটনাটি বড় ধরনের পারমাণবিক বা প্রচলিত অস্ত্র বিস্ফোরণের ঝুঁকি তৈরি করেনি। 

এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তদন্তকারী দল এখন দুর্ঘটনাস্থলে ধ্বংসাবশেষ পরীক্ষা করছে বলে জানিয়েছে রুশ পতিরক্ষা মন্ত্রণালয়। 

FB_IMG_1790703895233

প্রসঙ্গত, টিইউ-৯৫এমএস রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান। সোভিয়েত আমলে নকশা করা এই বিশাল টার্বোপ্রপ বোমারু বিমান দীর্ঘদিন ধরে রাশিয়ার দূরপাল্লার সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। বিমানটি প্রচলিত ও পারমাণবিক—দুই ধরনের অস্ত্র বহনে সক্ষম এবং ইউক্রেন যুদ্ধেও এ ধরনের বিমান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সূত্র: ইন্টারফ্যাক্স, মস্কো টাইমস


এমএইচআর