Dhaka Mail Logo

আন্তর্জাতিক

এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলা করবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা দায়েরের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কের কুর্দি জনগোষ্ঠীর প্রতি এরদোয়ান সরকারের নীতি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কথিত আর্থিক সহায়তাকে কেন্দ্র করে সম্ভাব্য মামলার নথি প্রস্তুত করা হচ্ছে।

প্রতিবেদন আরও বলা হয়, নেতানিয়াহু ইসরায়েলের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি এবং দেশটির বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের প্রধানকে এরদোয়ানের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ আইনি নথি তৈরির নির্দেশ দিয়েছেন। এই নথি ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পাঠানোর সম্ভাবনা রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এর মাধ্যমে তুরস্কের ওপর চাপ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

প্রসঙ্গত, সম্প্রতি এরদোয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। 

এছাড়াও সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরেও দুই নেতার মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ হয়েছে।

নেতানিয়াহু জাতিসংঘে দেওয়া বক্তব্যে এরদোয়ানকে তীব্রভাবে আক্রমণ করেন এবং হামাসের নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন। 

যদিও তুরস্ক এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। 

এদিকে আইসিসিতে এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন রয়েছে। ইসরায়েল ও তুরস্ক—কোনো দেশই রোম সংবিধির সদস্য নয়, যে চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়েছে। 

আই২৪নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল চাইলে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে বিষয়টি আদালতের সামনে আনার পথ খুঁজতে পারে। 

নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলের বিচার মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। 

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে ইসরায়েলি সরকার আইসিসির পরোয়ানাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান এবং এই পদক্ষেপকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেছে।


সূত্র: আই২৪নিউজ, মিডল ইস্ট মনিটর

এমএইচআর