Dhaka Mail Logo

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বন্যায় মৃত ৮, বিমানবন্দরে চরম ভোগান্তিতে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও আশপাশের কয়েকটি প্রদেশে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি ও বন্যায় যোগাযোগ ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসংখ্য ফ্লাইট বাতিল হওয়ায় গত দুই দিন ধরে বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যলয়ের প্রফেসারসহ বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের সদস্যরা গত দুদিন ধরে বিমানবন্দরে আটকা পড়ে আছেন।

তবে, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হওয়ায় ব্যাংকককের সুবর্ণভূমি বিমানবন্দরে ধীরে ধীরে ফাইট চলাচল স্বাভাবিক হচ্ছে।

বন্যার মধ্যেও ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ও ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। তবে, অনেক বিমান ৬ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিলম্ব করে। এতে যাত্রীরা প্রচণ্ড হয়রানির শিকার হন। 

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ভারী বৃষ্টি ও বন্যায় থাইল্যান্ডে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত বন্যায় আটজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

গত শনিবার ব্যাংকককে ‘দুর্যোগকবলিত’ এলাকা আখ্যা দিয়ে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে রাজধানীতে বন্যার কারণে কেউ মারা যায়নি বলে নিশ্চিত করেছে থাই সরকার।

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিভাগ (ডিডিপিএম) জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে মৃত্যুর ঘটনা বেশি।

Thailand_3

দেশটির ২৭টি প্রদেশে বন্যায় পাঁচ লাখের বেশি পরিবার ও ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ডিডিপিএম।

প্রায় ৪৮ ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে খালগুলোর পানি বেড়ে সড়ক ডুবে যায়। এরপর গত শনিবার পুরো শহরে দুর্যোগ ঘোষণা করা হয়।

ডিডিপিএম জানিয়েছে, ব্যাংককের খালগুলোয় পানির উচ্চতা স্থিতিশীল হয়েছে। শহরের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় সেখানে বাসিন্দাদের ঊরুসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে।

স্কুল বন্ধ রাখা হয়েছে এবং মানুষকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্রক্রিয়ায় কাজ করতে বলা হয়েছে। অনেকেই সেই আহ্বানে সাড়া দিয়েছেন। ফলে আজ সোমবার সকালে সড়ক ও গণপরিবহনে মানুষের চলাচল ছিল তুলনামূলক কম।

পানি জমে সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়ায় বিদেশী পর্যটকরা হোটেলেই অবস্থান করতে বাধ্য হচ্ছেন।

বাংলাদেশ থেকে চিকিৎসা ও ভ্রমণের জন্য থাইল্যান্ডে যাওয়া অনেকেই ব্যাংককের বিভিন্ন হোটেলে আটকা পড়েছেন।

এ অবস্থায় বাংলাদেশী যাত্রীসহ সবাইকে সুবর্ণভূমি বিমানবন্দরে যাওয়ার জন্য অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, ব্যাংককে আটকে পড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নাহিদুজ্জামান নাহিদ ঢাকা মেইলকে জানান, গত দুদিন ধরে অনেক যাত্রী সুবর্ণভূমি বিমানবন্দরে আটকা পড়ে আছেন।

তিনি বলেন, রোববার থাই এয়ারওয়েজের একটি বিমানের (টিজি ৩০১) ফ্লাইট বাতিল করা হয়। এতে বাংলাদেশীসহ দুই শতাধিক যাত্রী নিদারুন কষ্টে বিমানবন্দরে রাত কাটান। সোমবার ওই ফ্লাইটটি রিসিডিউল করা হলেও স্থানীয় সময় বেলা ৩টা পর্যন্ত যাত্রীদের আর কোনো আপডেট জানানো হয়নি। এতে বিমান যাত্রীরা থাই এয়ারওয়েজের এই অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির ব্যাপারে প্রচণ্ড ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের ময়দানে নিজেদের সেরাটা দিয়ে এসেছিলেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের সদস্যরা। কিন্তু দেশে ফেরার পথে অপ্রত্যাশিত এক প্রাকৃতিক দুর্যোগ তাদের আটকে দিয়েছে থাইল্যান্ডের বিমানবন্দরে। 

আকস্মিক বন্যার জেরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় দুই দিন ধরে সেখানেই অপেক্ষা করতে হচ্ছে পাঁচ খেলোয়াড় ও এক কোচকে।

banhk

জানা গেছে, আটকে পড়া সদস্যরা হলেন রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি। 

তাদের সঙ্গে আছেন দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে এই দলটি এখনো দেশে ফেরার নিশ্চয়তা পায়নি। স্থানীয় সময় সোমবার সকালে একটি ফ্লাইটে ওঠার কথা থাকলেও সেটিও শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি ও স্থানীয় জলাবদ্ধতার কারণে দুই বিমানবন্দরে যাতায়াতের সড়কে যানজট ও বিলম্ব হতে পারে। তাই যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে যাওয়া এবং যাত্রার আগে নিজ নিজ এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে বর্তমানে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট বাতিল না হলেও সূচি কিছুটা এলোমেলো হওয়ার কথা জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।

-এমএমএস