আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ এএম
ভারতের বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইন্ডিগোর একটি বিমানের পেছনের অংশ বা লেজ রানওয়েতে ঠেকে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটির যাত্রী ও ক্রুদের কেউ আহত হননি।
ইন্ডিগো সূত্রে জানা গেছে, রোববার সকাল পৌনে নয়টার দিকে আসামের গুয়াহাটি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে যাত্রা করে বিমানটি। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছায়।
প্রথমবার অবতরণের চেষ্টা ব্যর্থ হলে বিমানটি আবার ওপরে উঠে যায়। এ সময়ই বিমানের পেছনের অংশ বা লেজ রানওয়ের সংস্পর্শে আসে। পরে দ্বিতীয়বারের চেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রী ও ক্রুদের সবাই নিরাপদে বিমান থেকে নেমে আসেন।
ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ঝড়ো বাতাসের মধ্যে অবতরণের সময় বিমানের ‘অ্যাবনরমাল রানওয়ে কনট্যাক্ট’ হয়। ঘটনার পর বিমানটির উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিমানটি পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় সব অনুমোদন পাওয়ার পরই এটি আবার উড্ডয়ন করবে বলে জানিয়েছে ইন্ডিগো।
বিমানটির উড্ডয়ন বন্ধ থাকায় যাত্রীসেবায় যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য বেঙ্গালুরু–কোয়েম্বাটোর রুটে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বেঙ্গালুরু বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
এদিকে ইন্ডিগোর বিমানটির ‘টেল স্ট্রাইক’ বা লেজ রানওয়েতে ঠেকে যাওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। অবতরণের সময় ঠিক কী কারণে বিমানের পেছনের অংশ রানওয়েতে ঠেকে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইন্ডিগোর দাবি অনুযায়ী, ঘটনার সময় বেঙ্গালুরুতে ঝড়ো বাতাস ছিল। আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে কি না, তদন্তে সেটিও খতিয়ে দেখা হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
এমআর