আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
দক্ষিণ আফ্রিকার দুটি টাউনশিপে গোলাগুলির পৃথক দুটি ঘটনায় অন্তত ২৭ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে প্রথম ঘটনাটিতে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওয়েডেলা এলাকার ট্যাভার্ন নামে একটি পানশালায় গোলাগুলির ঘটনায় অন্তত ১৭ জন নিহত ও ১৫ জন আহত হন। খবর আল-জাজিরার।
পুলিশ জানিয়েছে, তারা আটজন সন্দেহভাজন ব্যক্তির খোঁজ করছে, যারা একেই-৪৭ রাইফেল ও পিস্তলে সজ্জিত ছিল বলে জানা গেছে। এই গোলাগুলির পেছনের কারণ এখনো জানা যায়নি এবং কাউকে গ্রেফতারের কথাও ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, রোববার ভোরের দিকে কেপ টাউনের কাছে লওয়ান্ডলে একটি দোকানে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত ও ১১ জন আহত হন।
ডারবান শহরের কাছে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জন নিহত হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই এই গোলাগুলির ঘটনাটি ঘটল।
প্রথম ঘটনায় পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাওটেং প্রদেশের ওয়েস্ট র্যান্ড জেলার ওয়েডেলা এলাকার ‘এক্সটেনশন ৩’-এ এই হামলার সূত্রপাত হয়।
হামলাকারীরা প্রথমে ট্যাভার্ন পানশালার বাইরে জড়ো হওয়া লোকজনের ওপর গুলি চালায় এবং এরপর ভেতরে ঢুকে আরও গুলিবর্ষণ করে। তদন্তকারীরা জানিয়েছেন, হামলার সময় কয়েকজন গ্রাহককে তল্লাশি করা হয় এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
এরপর সন্দেহভাজনরা দুটি গাড়িতে করে পালিয়ে যায়। এ ঘটনায় আরও দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছেন, আটজন সন্দেহভাজনকে শনাক্ত ও খুঁজে বের করার জন্য গোয়েন্দা ও পুলিশের বিশেষ ইউনিটগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় ১৭টি হত্যা মামলা, ১৫টি হত্যাচেষ্টা মামলা এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে।
দ্বিতীয় ঘটনাটির ক্ষেত্রে পুলিশ জানিয়েছে, রোববার ভোরে সংঘটিত গোলাগুলির ঘটনায় জড়িত একাধিক সন্দেহভাজনের সন্ধানে তারা তল্লাশি চালাচ্ছে।
-এমএমএস