Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব হামাসের

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া।

জুলাই মাসে দায়িত্ব গ্রহণের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রথমবারের মতো টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে খলিল আল-হাইয়া এ প্রস্তাব দেন। খবর আনাদোলুর।

কাতার-ভিত্তিক আল আরাবি টিভিকে তিনি বলেন, তাদের সংগঠন ইতিমধ্যে এই প্রস্তাবটি ইয়েমেনের কাছে পেশ করেছে।

হামাস নেতা খলিল আল-হাইয়া বলেন, “আমরা ইয়েমেনের বিবাদমান ও যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছি এবং আমি আশা করি এই প্রস্তাবটি গ্রহণ করা হবে।”

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলকারী হুথিরা এক দশকেরও বেশি সময় ধরে সৌদি-নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে। 

২০২২ সালের যুদ্ধবিরতির পর থেকে সংঘাতটি মূলত স্থিমিত থাকলেও, গত জুলাই মাসে লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলের ওপর হুথিরা অবরোধ ঘোষণা করলে তা পুনরায় তীব্র হয়ে ওঠে, এরপর থেকে তারা উপকূলীয় অঞ্চলে নিজেদের অগ্রগতির দাবিও করেছে।

আল-হাইয়া জানান, গত বছর থেকে হামাস নেতারা চারবারেরও বেশি সময় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং এসব আলোচনায় ফিলিস্তিন ইস্যু, গাজা উপত্যকা ও ফিলিস্তিনিদের দাবিসমূহ প্রাধান্য পেয়েছে।

তিনি বলেন, “আমরা আমেরিকানদের মধ্যে বিষয়টি নিয়ে বোঝাপড়ার মনোভাব লক্ষ্য করেছি। ব্যক্তিগত ও প্রকাশ্য—উভয় ক্ষেত্রেই আমরা তাদের কাছ থেকে ইতিবাচক মনোভাব ও প্রশংসা শুনেছি, কিন্তু আমরা এখন বাস্তব ও কার্যকর পদক্ষেপ চাই।”

তিনি গাজা বিষয়ক রোডম্যাপ বাস্তবায়নের আহ্বান জানান এবং গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে আরব ও মুসলিম দেশগুলোর প্রচেষ্টায় ইসরায়েল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন।

ফিলিস্তিনিদের মধ্যকার সমঝোতার বিষয়ে আল-হাইয়া বলেন, একটি জাতীয় কর্মসূচি ও রাজনৈতিক ঐক্যের ভিত্তি স্থাপনের লক্ষ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করতেও হামাস প্রস্তুত।

তিনি বলেন, নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের ভৌগোলিক ও রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

Hams

তিনি আরও বলেন, যদি নির্বাচন স্থগিত করা হয়, তবে একটি বৃহত্তর জাতীয় কাঠামো গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে বিদ্যমান রাজনৈতিক জোটটি অন্যান্য দলের জন্যও উন্মুক্ত থাকবে। 

তবে আল-হাইয়া সতর্ক করে দিয়ে বলেন যে, এই অঞ্চলে যুদ্ধ ও সংকটের মধ্যে ফিলিস্তিনিদের বিষয়টি কোণঠাসা হয়ে পড়ছে, তিনি সমঝোতার সুযোগ নষ্ট করার জন্য ইসরায়েলকে দায়ী করেন।

তিনি বলেন, ফিলিস্তিনিরা নিজেদের অধিকার আদায় ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত আঞ্চলিক স্থিতিশীলতা অধরাই থেকে যাবে। 

একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

-এমএমএস