আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
ইরান বর্তমানে ‘সর্বাত্মক ও বহুমাত্রিক’ যুদ্ধে জড়িত আছে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)- এর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি।
দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মোহাম্মদ কারামি বলেন, এই যুদ্ধের বিভিন্ন মাত্রার মধ্যে রয়েছে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, নিরাপত্তা, প্রতিরক্ষা ও তথ্য-মনস্তাত্ত্বিক ক্ষেত্র।
তিনি বলেন, ‘কগনিটিভ ওয়ারফেয়ারে’ শত্রুপক্ষ গণমাধ্যম ও সাইবারস্পেস ব্যবহার করে জনমতকে প্রভাবিত করার পাশাপাশি মানুষের মধ্যে মানসিক চাপ ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করে।
এ সময় ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। কারামির ভাষ্য, তেহরান ‘নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে’ এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে।
এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে যেসব প্রতিশ্রুতি লিপিবদ্ধ করেছি, সেসব আমাদের দু’পক্ষেরেই মেনে চলা উচিত। আর যুক্তরাষ্ট্রকে অবশ্যই এটা পরিষ্কার করতে হবে যে আমাদের সরকার এবং প্রশাসনের পতন ঘটানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
মার্কিনি নাগরিকদের ইরানের বর্তমান অবস্থান বিবেচনা করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বর্তমানে আমরা যে অবস্থানে আছি, সেখানে একবার নিজেদের রাখুন এবং কল্পনা করুন যে কেউ এসে আপনাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করল, আর তার পর, যেসব বিষয়ে আপনার একমত হয়েছিলেন— সেসবের কিছুই মানল না। তখন আপনাদের কী প্রতিক্রিয়া হতো? এটা এমন কোনো ব্যাপার নয় যার সমাধান খুব সহজে করা সম্ভব।
যুক্তরাষ্ট্র সত্যিই বিরোধের সমাধান চায় কি-না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো আমাদের প্রশাসনের পতন ঘটানো।
-এমএমএস