Dhaka Mail Logo

আন্তর্জাতিক

সৌদিতে ফের হুথির ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফের ড্রোন হামলা চালিয়েছে। হুথির ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) জোটের মুখপাত্র জানান, ড্রোন দুটি সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি বলেন, হুথিদের ছোড়া দুটি ড্রোন শনাক্ত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। খবর আরব নিউজের।

এর আগে শনিবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত শহর লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করার দাবি করে জোট। শহরটিতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।

অন্যদিকে, হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ জানান, তাদের সামরিক অভিযানের শক্তি, পরিধি ও প্রভাব যতটা দেখা গেছে, সেটিকে তারা আরও বড় ধরনের সংঘাতের জন্য ছোট পরিসরের মহড়া হিসেবে দেখছে।

ইরান-সমর্থিত হুথিরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। তাদের হামলায় সৌদি আরবের তেল পরিবহণ ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে জরুরি বৈঠকে বসছেন ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-এর তিন সদস্য দেশ সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানরা। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৈঠক করেন। 

সেখানে তিন দেশের সেনাপ্রধানদের জরুরি বৈঠক আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈঠকের উদ্দেশ্য হলো মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় হুতিদের বিরুদ্ধে সৌদি আরবকে সহায়তার উপায় নিয়ে আলোচনা করা। যেখানে বলা হয়েছে যে কোনো এক পক্ষের ওপর যেকোনো আক্রমণকে সকল পক্ষের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে’।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু বৈঠকে অংশ নিতে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।

অন্যদিকে পাকিস্তানের ডিফেন্স ফোর্সেস প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও শিগগির রিয়াদে পৌঁছাবেন বলে জানা গেছে।

-এমএমএস