আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ এএম
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পূর্বঘোষিত ইসলামাবাদমুখী লংমার্চের তারিখ পিছিয়ে ৪ অক্টোবর নির্ধারণ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আগে ২৭ সেপ্টেম্বর পেশোয়ার থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি এ সিদ্ধান্তের কথা জানান।
আফ্রিদি জানান, দলের রাজনৈতিক কমিটি বৈঠক করে সর্বসম্মতভাবে ৪ অক্টোবর থেকে মার্চ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ইসলামাবাদ অভিমুখী এই কর্মসূচির উদ্দেশ্য ইমরান খানের মুক্তিসহ সংবিধানের প্রাধান্য, স্বাধীন বিচারব্যবস্থা ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া।
প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। তাকে মুক্তি দেওয়ার দাবিতে পিটিআই দেশব্যাপী প্রতিবাদ ও ইসলামাবাদমুখী কর্মসূচির ঘোষণা দিয়েছিল।
আফ্রিদি দাবি করেন, ন্যায়বিচার হলে ইমরান আধা ঘণ্টার মধ্যেই জেল থেকে বেরিয়ে আসতেন। তবে তার চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতের নির্দেশ মানা হচ্ছে না।
এদিকে পিটিআইয়ের এই লং মার্চকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বিভিন্ন সড়কে কনটেইনার বসিয়ে যান চলাচল সীমিত করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পাকিস্তনি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইসলামাবাদ ও পাঞ্জাবজুড়ে ১৪৪ ধারা জারি করে যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ও রাওয়ালপিন্ডির মতো স্পর্শকাতর জেলাগুলোতে কয়েক হাজার পুলিশ ও আধা-সামরিক বাহিনী (পাকিস্তান রেঞ্জার্স) মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদে যারাই লং মার্চ নিয়ে আসবে তাদের সবাইকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে সরকার।
অন্যদিকে পিটিআইয়ের এই কর্মসূচি ঘোষণার পর থেকেই দলটির নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন নিপীড়ন চালানোর অভিযোগও উঠেছে। দলটির অনেকে নেতা-কর্মীদের গ্রেফতার ও জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে।
দলের মুখপাত্র জুলফি বুখারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কর্মসূচি স্থগিত করা হয়নি; শুধু তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রয়োজন মনে করলে ৪ অক্টোবরের আগেও মার্চ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) রাজনৈতিক উত্তেজনা কমাতে সরকারকে বিরোধীদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছে এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার কথা বলেছে।
সূত্র: ডন, রয়টার্স
এমএইচআর