আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
আন্তর্জাতিক সন্ত্রাসী ও মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কথিত যোগসূত্র এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং এটি সরকারের পররাষ্ট্র নীতির অগ্রাধিকারের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ‘আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষা’।
কলম্বিয়ার সরকার ইরান সরকারের বিরুদ্ধে দেশটির নিরাপত্তার জন্য হুমকি তৈরি করা ‘মাদক-সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ করেছে। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে তেহরানের ভূমিকারও সমালোচনা করেছে বোগোতা। বিশেষ করে হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে বাধা সৃষ্টি এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে হামলার জন্য ইরানকে দায়ী করেছে কলম্বিয়ার সরকার।
তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও ইরানের সঙ্গে কনস্যুলার বা নাগরিকসেবা-সংক্রান্ত যোগাযোগ বজায় রাখবে বলে জানিয়েছে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ক্ষমতায় আসার পর দেশটির বৈদেশিক জোট ও সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনছেন।
গত ৭ আগস্ট বামপন্থী সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন পেয়েছেন।
ক্ষমতা গ্রহণের আগেই দে লা এসপ্রিয়েলা কিউবা ও নিকারাগুয়ার মতো বামপন্থী কর্তৃত্ববাদী সরকারের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে এখনো তিনি ওই দুই দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি।
সূত্র: আনাদোলু
এমএইচআর