আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করে দুই দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর বিষয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৪ সেপ্টেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হোয়াইট হাউজে স্বাগত জানানোর পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট শি এবং আমি এমন এক বন্ধুত্ব গড়ে তুলেছি; যা সত্যিকারের অর্থেই চমৎকার। এই সম্পর্ক পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে।’
তিনি আরও বলেন, দুই পরাশক্তি মার্কিন খামারি ও কৃষকদের জন্য চীনের বাজারে নতুন প্রবেশাধিকার সৃষ্টির মাধ্যমে আরও একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে একযোগে কাজ করছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, দ্বিপাক্ষিক বৈঠকে নিরাপত্তা, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর মতো গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, `আজ এসব ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্তগুলো আগামী বহু দশকের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারে।’
বক্তব্য শেষ করার সময় ট্রাম্প উল্লেখ করেন, মার্কিন মেরিন বাহিনী চীন থেকে ‘গংহো’ শব্দটি গ্রহণ করেছে, যার অর্থ চীনা ভাষায় ‘একসাথে কাজ করা’।
অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পকে উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত এবং বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে তাদের আন্তরিকভাবে সহযোগিতা করা প্রয়োজন। বন্ধুত্ব অব্যাহত রাখা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বাড়াতেই তার এই ওয়াশিংটন সফর
শি জিনপিং বলেন, ‘আমাদের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করা উচিত, কারণ দুই দেশের স্বার্থ গভীরভাবে সংযুক্ত। ফলে একসঙ্গে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে।’
দুই দেশের মধ্যকার সহযোগিতা বিশ্বের প্রতিটি সমস্যা সমাধান নাও করতে পারে, তবে এটি ছাড়া বিশ্বের অনেক সমস্যার সমাধান করা কঠিন হবে বলে মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট।
সূত্র: বিবিসি
এমএইচআর