Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়ে তৃষা সিংসহ চারজন নিহত হয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোর প্রায় ৩টার দিকে জামশেদপুরের সোনারি এলাকার মেরিন ড্রাইভ রোডে এ দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগতির গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চার আরোহী সবার মৃত্যু হয়।

নিহত অন্য তিনজন হলেন সারথক আগরওয়াল, নমান গুপ্তা ও বংশিকা খান্ডেলওয়াল। নিহদের সবাই জামশেদপুরের কারমেল জুনিয়র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার আগে তৃষা সিংসহ চার শিক্ষার্থী এক বন্ধুর ফ্ল্যাটে গ্রুপ স্টাডি করেছিলেন। রাত ২টার পর তারা সেখান থেকে বের হয়ে মেরিন ড্রাইভ এলাকায় ঘুরতে গিয়েছিলেন। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এত জোরে ধাক্কা দেয় যে সেটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে চারজনই গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার ব্যবহার করে গাড়ির ধ্বংসস্তূপ কেটে তাদের মরদেহ বের করে আনে।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি ওই সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার পর ট্রাকটি সেখানে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে দাঁড়িয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

তবে ট্রাকের মালিকের দাবি, দুর্ঘটনা এড়াতে ট্রাকের পেছনে সতর্কতামূলক বার্তা ও গাছের ডাল রাখা হয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির গতি কত ছিল, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি যথাযথভাবে চিহ্নিত করা হয়েছিল কি না—এসব বিষয় তদন্তের আওতায় রয়েছে।

এদিকে তৃষা সিংয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঝাড়খণ্ডের রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে আসে। 

রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘সন্তান হারানোর যন্ত্রণা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়’।

অন্যদিকে ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সূত্র: এনডিটিভি 

এমএইচআর