Dhaka Mail Logo

আন্তর্জাতিক

জাতিসংঘ চত্বর যেন আন্তর্জাতিক নিউজরুম!

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এ উপলক্ষে সদর দফতরের নির্ধারিত প্রেস মিডিয়া সেন্টারে বসেছে বিশ্বজুড়ে কর্মরত সংবাদকর্মীদের মিলনমেলা। চরম ব্যস্ততায় সময় কাটছে সবার। 

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার সাংবাদিক ও প্রতিনিধি দিনরাত কাজ করছেন রাষ্ট্রপ্রধানদের বক্তব্য, ভূ-রাজনৈতিক সমীকরণ এবং বৈশ্বিক সংকট নিয়ে রিপোর্ট পাঠাতে। 

S

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই অধিবেশনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে এক মুখরিত পরিবেশ তৈরি হয়েছে। জাতিসংঘের সদর দফতর চত্বরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ল্যাপটপে রিপোর্ট লেখা, ব্রডকাস্টের প্রস্তুতি আর ক্যামেরায় লাইভ সম্প্রচারে ব্যস্ত সংবাদকর্মীরা।

সাধারণ পরিষদের মূল হলে একের পর এক রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের বক্তব্য শেষ হওয়ার পরপরই তা বিশ্লেষণ করে নিজ নিজ নিউজরুমে পাঠাচ্ছেন প্রতিনিধিরা। শুধু নির্ধারিত প্রেস রুমের ডেস্কেই নয়; জাতিসংঘের প্রেস গ্যালারি এবং বাইরের খোলা চত্বরে দাঁড়িয়ে শত শত টিভি রিপোর্টারকে স্পট লাইভ করতে দেখা যাচ্ছে।

S

বাংলাদেশ থেকেও টেলিভিশন, দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের অনেক সাংবাদিক নিউইয়র্কে উড়ে এসেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কভার করতে। তারা দিনরাত এক করে ফেলছেন বিশ্ব মোড়লদের বক্তব্য তুলে ধরতে।

রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকলেও মিডিয়া সেন্টারে পেশাগত সহযোগিতার চিত্র চোখে পড়ার মতো। প্রযুক্তিগত সহায়তা থেকে শুরু করে নির্দিষ্ট বক্তৃতার ভাষান্তর— যেকোনো প্রয়োজনে সহকর্মীর বাড়িয়ে দেওয়া হাত প্রমাণ করে সংবাদকর্মীদের পেশাগত ঐক্যের চিত্র।

S

চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, অর্থনৈতিক সংকট ও বিশ্বশান্তির মতো মৌলিক বিষয়গুলো এবারের অধিবেশনে প্রাধান্য পাচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ার কয়েকজন সংবাদকর্মী জানান, তীব্র কাজের চাপ ও সময়ের বাধ্যবাধকতা থাকলেও বিশ্ব রাজনীতির শীর্ষ এই মঞ্চ থেকে দ্রুত ও বস্তুনিষ্ঠ তথ্য পাঠানোই তাদের মূল লক্ষ্য।

S

১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘের প্রধান নীতি-নির্ধারণী অঙ্গ হিসেবে কাজ করে আসছে এই সাধারণ পরিষদ। বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা প্রতি বছর সেপ্টেম্বরে নিউইয়র্কের এই অধিবেশনে সমবেত হয়ে বৈশ্বিক নিরাপত্তা, মানবাধিকার ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেন। 

শীর্ষ কূটনীতির এই আন্তর্জাতিক মহাযজ্ঞ স্বাভাবিকভাবেই বিশ্ব সংবাদমাধ্যমের জন্যও বছরের অন্যতম প্রধান কাভারেজে পরিণত হয়েছে। 

বিইউ/এএইচ