Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পুলিশ সেজে পার্কে কিশোরীকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

ফের গণধর্ষণের অভিযোগ উঠল ভারতের রাজধানী দিল্লিতে। এবার পুলিশ সেজে দিল্লির এক পার্কে কিশোরীর ওপরে নির্যাতন চালালেন তিন অভিযুক্ত। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিল্লির কালকাজি মন্দির সংলগ্ন এক পার্কে। ঘটনায় জড়িতদের খোঁজে রাতেই অভিযানে নামে পুলিশ। 

তল্লাশির সময় মঙ্গলবার ভোরে এক অভিযুক্তের সঙ্গে গোলাগুলিও হয় পুলিশের। শেষে তাকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। ১৭ বছর বয়সি ওই কিশোরী তার বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল। বন্ধুও কিশোর। সন্ধ্যা ৭টা নাগাদ মন্দিরে পুজো দেয় তারা। 

তার পরে মন্দিরের কাছেই একটি পার্কে গিয়ে বসে দু’জনে। সেসময় পুলিশ পরিচয়ে তিন যুবক ওই কিশোর-কিশোরীর কাছে যান। সেখানেই ভয় দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ করেন তিন যুবক।

পরে রাত পৌনে ৯টা নাগাদ দিল্লি পুলিশের কাছে খবর যায়। পিসিআর কলে পুলিশকে খবর দেওয়া হয়, কালকাজি মন্দির এবং ইসকন মন্দিরের মাঝে এক পার্কে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। 

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দিল্লির বাসিন্দা ওই কিশোরীর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করেন পুলিশকর্মীরা। তার বয়ানও সংগ্রহ করা হয়।

কিশোরীর বয়ানের ভিত্তিতে শিশু নির্যাতন ধারায় মামলা রুজু করে পুলিশ। পার্কের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রাতেই অভিযুক্তদের খোঁজে অভিযানে শুরু হয়। 

পার্কের আশপাশের এলাকায় ওই সময়ে যারা ছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা।

মঙ্গলবার রাতভর তল্লাশির পর অভিযুক্তদের মধ্যে একজনের হদিস পায় পুলিশ। মঙ্গলবার ভোরে ওই অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের সঙ্গে তার সংঘর্ষ বেধে যায়। 

পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান অভিযুক্ত। কিছুক্ষণ গোলাগুলির পর অভিযুক্তকে পাকড়াও করেন তদন্তকারীরা।

সম্প্রতি দিল্লিতে একের পর এক গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। কখনও চলন্ত বাসে, কখনও টেম্পোয় মহিলাদের ওপরে নির্যাতনের অভিযোগ উঠছে। 

পর পর এই ঘটনাগুলির জেরে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বাসিন্দারা।

-এমএমএস