আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম
রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেন বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের দাবি, রাজধানীর দিকে আসা ৪৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি এ হামলাকে মস্কোর ওপর এ পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে উল্লেখ করেছেন। হামলায় একটি তেল শোধনাগার ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাশিয়ার সংসদ নির্বাচনের শেষ দিনে এ হামলা চালানো হয়। মস্কোর মেয়র দাবি করেছেন, নির্বাচন ব্যাহত করতেই হামলাটি চালানো হয়েছে। তবে রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, হামলার মধ্যেও ভোটগ্রহণ কার্যক্রম চলেছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, হামলায় প্রথমে দুজন নিহত ও ২০ জন আহত হন। পরে আহতদের মধ্যে আরও একজন মারা গেলে নিহতের সংখ্যা তিনজনে দাঁড়ায়। রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় আবাসিক ভবনসহ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ২১ তলা ভবন থেকে প্রায় ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ৭০টি শিশু ছিল।
সোবিয়ানিন জানান, বেশ কয়েকটি ড্রোন মস্কো তেল শোধনাগারের এলাকায় পৌঁছায় এবং একটি আবাসিক ভবনে আঘাত হানে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা শোধনাগার এলাকা থেকে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। তবে শোধনাগারের ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মস্কো অঞ্চলে রাশিয়ার তেল শিল্পের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং একটি লজিস্টিকস কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তাঁর ভাষ্য, এসব স্থাপনা থেকে বিপুল অর্থ আয় হয়, যা রাশিয়ার যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত হয়। ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, মস্কো তেল শোধনাগারের তিনটি প্রধান ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত নিহত ৫ লাখ রাশিয়ান’
আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া, দাবি জেলেনস্কির
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে রোববার পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায়, ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের ওপর ১ হাজার ১০০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। সোবিয়ানিনের হিসাবে, রাজধানীর দিকে আসা ৪৫০টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার পৃথক ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বেশ কয়েকটি আবাসিক ও অবকাঠামোগত স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া ও ইউক্রেন সাম্প্রতিক সময়ে একে অপরের জ্বালানি অবকাঠামো ও পরিবহন-লজিস্টিকস স্থাপনা লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। এর ফলে রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগারে উৎপাদন ব্যাহত হয়েছে এবং দেশটির কিছু অঞ্চলে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
মস্কোর ওপর হামলার সময়টি রাশিয়ার সংসদ নির্বাচনের শেষ দিনের সঙ্গে মিলে গেছে। রুশ কর্মকর্তারা এটিকে নির্বাচন ব্যাহত করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করলেও ইউক্রেন এ হামলার উদ্দেশ্য সম্পর্কে রুশ কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে একমত হয়নি। দুই দেশই সাধারণত দাবি করে আসছে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।
এদিকে রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের খেরসন অঞ্চলে একটি বাসে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন বলে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে। নিহতদের একজন নির্বাচনী কর্মকর্তা বলে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা জানিয়েছেন।
জেবি