আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম
যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত না মানা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।
তিনি রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে জানান, জুনে মার্কিনিরা তাদের সঙ্গে যে চুক্তি করেছিল, সেটি তাদের মানতে হবে। খবর আল-জাজিরার।
যদিও চুক্তিটি এখন অকার্যকর হয়ে গেছে। গালিবাফ বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা আমাদের বার্তা বিরোধী পক্ষকে (যুক্তরাষ্ট্র) জানিয়ে দিয়েছি।
শত্রুরা ভালোভাবে জানে প্রতারণা ও একতরফাভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার রাস্তা বন্ধ।
যতক্ষণ আমাদের শর্তগুলো পূরণ না হবে, ইরানিদের বৈধ অধিকারকে স্বীকৃতি না দেওয়া হবে, মার্কিনিরা তাদের প্রতিশ্রুতি পূরণ না করবে, ততক্ষণ হরমুজ তার পূর্বের অবস্থানে ফিরে যাবে না।
এছাড়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনাও আগের জায়গায় ফিরবে না। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়।
এ হামলার পর টানা ৪০ দিন যুদ্ধ চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামার পর দুই দেশের মধ্যে একটি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।
তবে এরমধ্যেই আবারও তাদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই চুক্তিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
ইরান অবশ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি চুক্তির শর্তে আবারও ফেরে তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথমদিনই ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছিলেন।
এরপর তার ছেলে মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হন। এর পর থেকে নতুন মাত্রা পায় মধ্যপ্রাচ্যের এই সংঘাত।
-এমএমএস