আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম
বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতালি।
শুক্রবার (১৮ সেপ্টম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে রোম নিজস্ব উদ্যোগে এই পদক্ষেপ নেবে।
তিনি বলেন, ‘বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার সক্ষমতা ইতালির রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ পুরোপুরি অচল হয়ে গেলে এর অর্থনৈতিক প্রভাব অত্যন্ত গুরুতর হতে পারে। তাই সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক বিলম্বের কারণে পরিস্থিতি আরও জটিল হতে দেওয়া উচিত নয়’।
তবে ঠিক কতটি যুদ্ধজাহাজ পাঠানো হবে বা কখন সেগুলো দায়িত্ব নেবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ইতালির প্রতিরক্ষামন্ত্রী।
বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহন, তেল ও গ্যাস সরবরাহ এবং সুয়েজ খালমুখী কনটেইনার জাহাজ চলাচলের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।
ঐতিহাসিকভাবে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ এই সরু জলপথ দিয়ে চলাচল করেছে। সবচেয়ে সরু অংশে প্রণালিটির প্রস্থ প্রায় ৩০ কিলোমিটার।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূলে হুথি আন্দোলনের অগ্রযাত্রায় বাব আল-মান্দেবের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়েছে। কয়েকটি কৌশলগত দ্বীপসহ উপকূলের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ হুথিদের হাতে যাওয়ায় বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রুটটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ বা অচল হয়ে গেলে জাহাজগুলোকে বিকল্প ও দীর্ঘতর পথে চলতে হতে পারে। এতে পরিবহন ব্যয় ও পণ্য সরবরাহের সময় বাড়ার পাশাপাশি জ্বালানি ও বিভিন্ন আমদানি পণ্যের দামে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এর আগেও হুথি হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় সামরিক অভিযান পরিচালনা করেছে। কিন্তু ইয়েমেনের সংঘাত আরও তীব্র হওয়ায় নৌপথটির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
ইতালির এই সিদ্ধান্তের পেছনে শুধু সামরিক নিরাপত্তা নয়, অর্থনৈতিক বিষয়ও গুরুত্বপূর্ণ। ফলে ইতালির নতুন উদ্যোগ তাই ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিজস্ব বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় জাতীয় পর্যায়ে সামরিক পদক্ষেপের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠছে।
সূত্র: আলজাজিরা
এমএইচআর