Dhaka Mail Logo

আন্তর্জাতিক

হুথি-সৌদি সংঘাত: প্রাণ বাঁচাতে নৌকায় করে পালাচ্ছেন হাজারো ইয়েমেনি

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে লড়াই ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে লোহিত সাগর পেরিয়ে আফ্রিকার দেশ জিবুতিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন হাজার হাজার ইয়েমেনি। যুদ্ধের পাশাপাশি খাদ্যসংকট, যোগাযোগব্যবস্থার বিপর্যয় ও নিরাপত্তাহীনতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইয়েমেনে এক লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এর বাইরে হাজার হাজার মানুষ সমুদ্রপথে জিবুতির দিকে পালিয়ে গেছে। অনেকে ছোট ও অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় করে উত্তাল লোহিত সাগর পাড়ি দিচ্ছেন। বিপজ্জনক এই যাত্রায় বহু শিশু, নারী ও বয়স্ক ইয়েমেনিরাও রয়েছেন।

নৌকায় করে আফ্রিকার উপকূলে পৌঁছেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) দেওয়া সাক্ষাৎকারে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন আহমেদ হাসান নামে ৭০ বছর বয়সী এক ইয়েমেনি নাগরিক। 

তিনি বলেন, ‘সমুদ্র ছিল উত্তাল। নৌকায় থাকা শিশুরা সমুদ্রযাত্রায় অসুস্থ হয়ে পড়ছিল। যাত্রীদের অধিকাংশই সমুদ্রযাত্রায় অভ্যস্ত নন’।

হাসান আরও জানিয়েছেন, হুথি যোদ্ধারা এলাকায় তাদের গ্রামে আসার পর সেখানে বিমান হামলা শুরু হয়। পরিস্থিতি দিন দিন খারাপ হতে থাকে। এতে তার মতো হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেন। 

তিনি বলেন, ‘আমরা যত বেশি দিন সেখানে থাকছিলাম, পরিস্থিতি তত খারাপ হচ্ছিল। দোকানগুলো বন্ধ হয়ে যায়, কেনার মতো আর কোনো খাবারও ছিল না।’

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে এক লাখের বেশি ইয়েমেনি দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছে এবং আরও হাজার হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে পালিয়েছে। 

সংস্থাটি আরও জানিয়েছে, সংঘাতের কারণে মানবিক সহায়তা পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক, যোগাযোগব্যবস্থার বিঘ্ন এবং বিভিন্ন ধরনের চলাচল-নিষেধাজ্ঞা ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

অন্যদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় অংশে হুথিদের অগ্রযাত্রার পর সৌদি আরবের সঙ্গে সংঘাত আরও তীব্র হয়েছে। 

হুথি-নিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার লোহিত সাগর উপকূলের কাছে সৌদি সীমান্ত সংলগ্ন হাজ্জাহ প্রদেশে এবং আরও দক্ষিণে দেশের অভ্যন্তরে তাইজের আশেপাশে নতুন করে বিমান হামলা চালাচ্ছে সৌদি বাহিনী। পাল্টা প্রতিক্রিয়ায় হুথিরাও সৌদি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স

এমএইচআর