আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ এএম
সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এ দাবির সমর্থনে তারা হামলার মুহূর্ত এবং বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের একটি ভিডিও প্রকাশ করেছে। তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দাবি করেন, মারিব প্রদেশের আকাশসীমায় শত্রুতামূলক অভিযান চালানোর সময় স্থানীয়ভাবে তৈরি একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সৌদি বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সৌদি আরব ইয়েমেনে ৪৫০টি হামলা চালিয়েছে।
হুতিদের প্রকাশিত ভিডিওতে প্রথমে যুদ্ধবিমানটিতে হামলার দৃশ্য দেখা যায়। পরে মরুভূমির একটি এলাকায় ছড়িয়ে–ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখানো হয়। ভিডিওতে পোড়া ধাতব কাঠামো, বিমানের বিভিন্ন অংশ এবং সৌদি যুদ্ধবিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিহ্নযুক্ত একটি উল্লম্ব পাখা দেখা যায়। সেখানে সশস্ত্র কয়েকজন ব্যক্তিকেও ধ্বংসাবশেষের আশপাশে অবস্থান করতে দেখা যায়।
ভিডিওর আরেক অংশে হুতি যোদ্ধাদের পিকআপে করে মরুভূমির মধ্যে অগ্রসর হতে দেখা যায়। এ সময় গুলিবিনিময়ের দৃশ্যও রয়েছে।
এর আগে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট অভিযোগ করে, হুতিরা ইসলামের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স ফোর্স মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।
আল-মালিকি এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুই পবিত্র মসজিদ এবং সেখানে থাকা মুসল্লিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য ‘রেড লাইন’। তার দাবি, মক্কাকে লক্ষ্য করে এটি দ্বিতীয় হামলার চেষ্টা।
তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হুতিরা। এক বিবৃতিতে তারা সৌদি আরবের দাবি ‘বানোয়াট ও মিথ্যা’ বলে উল্লেখ করে জানায়, ইয়েমেন থেকে ইসলামের পবিত্র স্থানগুলোর প্রতি কোনো হুমকি নেই।
সূত্র: এনডিটিভি
এমআই