Dhaka Mail Logo

আন্তর্জাতিক / ককপিট

বিমানের চাকা ফেটে খুলে পড়ল কেবিনের ছাদ

আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

উড্ডয়নের সময় চাকা ফেটে যাওয়ার পর ইরানের একটি যাত্রীবাহী বিমান ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কেবিনের বেশ কয়েকটি আসনের ওপরের ছাদের আবরণ খুলে পড়ে যায়। 

আতঙ্কিত যাত্রীরা চিৎকার ও দোয়া পড়তে থাকেন। পরে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটি মাশহাদ বিমানবন্দরে ফিরিয়ে আনেন। 

অবশ্য বিমানের সবাই নিরাপদে আছেন এবং প্রাথমিকভাবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর ইন্ডিয়া টুডের।

এদিকে যাত্রীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে ঘটনার ভয়াবহতা দেখা গেছে। কেবিনের বেশ কয়েকটি আসনের ওপরের ছাদের আবরণ খুলে পড়ে যায়। এ সময় আতঙ্কে যাত্রীরা চিৎকার করতে থাকেন।

সেপেহরান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ মডেলের এই উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই মাশহাদে ফিরে যেতে বাধ্য হয়। 

বিমানের একটি চাকার টায়ার খুলে যাওয়ার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং উড্ডয়নের সময় বিমানটিতে তীব্র কম্পন শুরু হয়।

বিমানটি উত্তর-পূর্ব ইরানের মাশহাদ থেকে কেরমানশাহর উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের কয়েক মুহূর্ত পরই সমস্যাটি টের পান বিমানের কর্মীরা। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের একটি চাকা থেকে টায়ার খুলে যাওয়ার পর পাইলট যাত্রীদের প্রযুক্তিগত সমস্যার কথা জানান।

একপর্যায়ে বিমানটি আকাশে থাকা অবস্থায় প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলে যাত্রা বাতিল করে মাশহাদ বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্রুরা।

বিমানের যাত্রীরা ওই সময়ের আতঙ্কজনক পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তীব্র কম্পনের কারণে পুরো বিমান কেঁপে উঠছিল। এতে কেবিনের ভেতরের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়। 

বিমানের ওপরের লাগেজ রাখার খোপগুলো খুলে যায় এবং যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র আসন ও চলাচলের পথের ওপর পড়ে যায়। কিছু যাত্রী এসব পড়ে যাওয়া জিনিসের মাধ্যমে আঘাতও পেয়েছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি বিমানবন্দরে ফেরার সময় আতঙ্কিত যাত্রীরা দোয়া পড়ছেন এবং চিৎকার করছেন।

শেষ পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই বোয়িং ৭৩৭ বিমানটি নিরাপদে মাশহাদে অবতরণ করে। সেখানে জরুরি সেবাদানকারী কর্মীরা প্রস্তুত ছিলেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রী বা ক্রুদের কেউ আহত হননি।

এদিকে ঘটনার কারণ নিয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। তবে এই ঘটনাটির পর বিমানটি পরীক্ষা করে দেখবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

বিমানের টায়ার খুলে যাওয়ার সঙ্গে পরবর্তী ইঞ্জিনের সমস্যার কোনো সম্পর্ক ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

-এমএমএস