Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

দীর্ঘদিনের একটি জমি বিরোধের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দারস্ত হয়েছেন তার স্কুলজীবনের বন্ধু ৮১ বছর বয়সী আসগর আলি ভোহরা। বিষয়টি প্রকাশ্যে আসার পর মুম্বাইয়ের মীরা-ভায়ান্দার এলাকার কয়েক দশক পুরোনো জমি বিরোধটি নতুন করে আলোচনায় এসেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন আসগর আলি ও তার স্ত্রী। আসগর আলি ও মোদি গুজরাটের ভাদনগরের বিএন স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন বলে জানা যায়। 

আসগর আলির দাবি, তিনি বহু বছর ধরে জমি-সংক্রান্ত বিরোধটির সমাধানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর, রাজস্ব কর্তৃপক্ষ, পৌর প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হয়েছেন। কিন্তু এত বছরেও তিনি সমস্যার স্থায়ী সমাধান পাননি। এ বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, বিরোধের কেন্দ্রে রয়েছে মুম্বাইয়ের উপকণ্ঠে ভায়ান্দার ইস্টের নাভঘর এলাকার প্রায় ২ হাজার ৮১০ বর্গমিটার জমি। 

আসগর আলি জানান, ১৯৮৯ সালে নিবন্ধিত চুক্তির মাধ্যমে ওই জমি কিনেছিলেন তিনি। কিন্তু ২০১১ সালে জমিটিতে দখল করা হয় বলে অভিযোগ তার। এ ঘটনায় তিনি স্বয়ম বিল্ডার্স ও সেভেন ইলেভেন কনস্ট্রাকশনসের-এর নাম উল্লেখ করেছেন।

তিনি আরও অভিযোগ করেছেন, জমিটির সঙ্গে সম্পর্কিত কিছু নথি জাল করা হয়েছে এবং সম্পত্তির মূল মালিককে পরবর্তী ঘটনাপ্রবাহ সম্পর্কে অবহিত করা হয়নি। পরবর্তী সময়ে জমিটি দুটি অংশে ভাগ করে সংশ্লিষ্ট দুই নির্মাণ প্রতিষ্ঠানের নামে দখল দেখানো হয়। 

এ নিয়ে ২০১৫ সালে একটি পুলিশ মামলা করেন এবং বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে এই জমি বিরোধে স্থানীয় বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার নামও উঠে এসেছে।

আসগর আলির অভিযোগ, মেহতার সঙ্গে সেভেন ইলেভেন কনস্ট্রাকশনসের-এর একটি সম্পর্ক রয়েছে। 

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্থানীয় প্রশাসনও বিষয়টিতে নতুন করে সক্রিয় হয়েছে। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) এ নিয়ে একটি প্রশাসনিক শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। সেখানে স্বয়ম বিল্ডার্স ও সেভেন ইলেভেন কনস্ট্রাকশনসের-এর প্রতিনিধিদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা এই জমি বিরোধের দ্রুত ও নিরপেক্ষ নিষ্পত্তি হবে—এমন আশাই করছেন আসগর আলির। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার সাক্ষাতের পর বিষয়টি আবারও প্রশাসনিক ও রাজনৈতিক মহলে গুরুত্ব পেয়েছে।

সূত্র: এনডিটিভি 

এমএইচআর