Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় তরুণীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

আমেরিকায় এক ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম শালিনী ঠাকুর। তিনি ক্যালিফর্নিয়ার স্যাক্রামেন্টোয় একটি রেস্তরাঁয় কাজ করতেন। 

পিছু ধাওয়া করে তাকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হামলাকারী। পরে হামলাকারীর মরদেহও উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন হামলাকারী।

পুলিশ জানায়, হামলাকারীর নাম রোহিত। এর আগে অ্যারিজোনায় পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। 

তদন্তকারী কর্মকর্তা জানান, বেশ কয়েক মাস ধরে শালিনীকে নানা ভাবে অনুসরণ করছিলেন রোহিত। শুধু তা-ই নয়, তাকে উত্ত্যক্ত করার অভিযোগও ওঠে হামলাকারীর বিরুদ্ধে। 

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাজে যাচ্ছিলেন শালিনী। সেই সময় তার পিছু ধাওয়া করেন রোহিত। রেস্তরাঁর সামনেই শালিনীকে গুলি করে খুন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি করে এসেছিলেন হামলাকারী। গুলি চলার ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাড়িটির তথ্য পাওয়ার পর তল্লাশি শুরু হয়। 

ক্যালিফর্নিয়া হাইওয়েতে হামলাকারীর গাড়ির হদিস মেলে। গাড়িটিকে ধাওয়া করে ঘিরে ফেলা হয়। চালককে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু আত্মসমর্পণ করেননি হামলাকারী। বেশ কিছু ক্ষণ ধরে টানাপড়েন চলে। 

হামলাকারীর কাছে অস্ত্র থাকায় ড্রোনের মাধ্যমে তার অবস্থান জানার চেষ্টা করে পুলিশ। তখনই তাকে গাড়ির ভিতরে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। 

গাড়ির দরজা খুলতেই গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায় রোহিতকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন রোহিত।

শালিনীর মা সুদেশ কুমারী জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরেই তার কন্যাকে উত্ত্যক্ত করেছিলেন রোহিত। শালিনীকে বিয়ে করার জন্য চাপ এবং হুমকিও দিচ্ছিলেন। কিন্তু শালিনী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

-এমএমএস