আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় ২৪ ঘণ্টার তার সফরকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। দিল্লিজুড়ে মোতায়েন করা হয়েছে ১৫ হাজারের বেশি পুলিশ সদস্য এবং ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তার। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগসহ দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে সাত বছর পর ভারতে শি জিনপিংয়ের এই সফরে তার নিরাপত্তায় দিল্লিতে তৈরি করা হয়েছে বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট যে হোটেলে থাকবেন, সেটিকে ঘিরে জারি করা হয়েছে অস্থায়ী ‘নো-ফ্লাই জোন’। হোটেলে মোতায়েন থাকবে সন্ত্রাসবিরোধী ও বোমা শনাক্তকারী বিশেষ দল। পাশাপাশি পুরো হোটেল এবং আশপাশের এলাকায় চালানো হবে ব্যাপক নিরাপত্তা তল্লাশি।
শি জিনপিং থাকবেন নয়াদিল্লির তাজ প্যালেসে। নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে হোটেলের আশপাশের ভূগর্ভস্থ পাইপলাইন ও অন্যান্য অবকাঠামোও পরীক্ষা করা হচ্ছে। সম্ভাব্য রাসায়নিক, জৈবিক, পারমাণবিক ও তেজস্ক্রিয় হুমকি শনাক্ত করতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এদিকে শুধু ভারতীয় নিরাপত্তা নয়, চীনা প্রেসিডেন্টের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাপনাও বেশ কঠোর। তার ব্যবহারের জন্য চীন প্রায় ১০ দিন আগেই একটি কার্গো বিমানে করে হংছি ব্র্যান্ডের রাষ্ট্রীয় লিমুজিন, একটি ব্যাকআপ গাড়ি এবং যোগাযোগ সরঞ্জাম ভারতে নিয়ে আসা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শি জিনপিং যে বিশেষ বিমান ব্যবহার করেন, সেটিও অত্যন্ত সুরক্ষিত। এয়ার চায়নার পরিচালিত পরিবর্তিত বোয়িং ৭৪৭-৮ বিমানটি চীনের রাষ্ট্রীয় বিমান হিসেবে ব্যবহৃত হয়। এতে নিরাপদ যোগাযোগব্যবস্থা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
অন্যদিকে শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া দুই দিনব্যাপী ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ জোটের ১১টি দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। তাদের পুরো দিল্লিতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
এমএইচআর