Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত ৫, নিখোঁজ ৮৭

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম

ফিলিপাইনের পশ্চিমাঞ্চলের পালাওয়ান দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮৭ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জানিয়েছে ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি)।

পিসিজি জানায়, বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুন লাগে। এ সময় ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফেরিটির বিভিন্ন অংশ আগুনে পুড়ে যাচ্ছে। উদ্ধারকারীরা নিহতদের মরদেহ বডি ব্যাগে তুলে নিচ্ছেন।

কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব ডিজেডএক্সএল রেডিওকে জানান, ফেরিটির যাত্রী তালিকা অনুযায়ী এতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য ছিলেন।

এ পর্যন্ত উদ্ধার হওয়া ও নিহতের সংখ্যা বিবেচনায় ৮৭ জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানান কায়াবিয়াব।

তিনি আরও বলেন, ফেরিটি রাজধানী ম্যানিলার বাসেকো এলাকা থেকে ছেড়ে পালাওয়ানের কোরনের উদ্দেশে যাত্রা করেছিল।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: সিএনএন

এমআই