Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুবকের সঙ্গে ভিডিও ভাইরাল, তরুণীকে হত্যা করল বাবা-ভাই

আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরালের পর পরিবারের ‘সম্মান’ রক্ষার নামে ২২ বছর বয়সী এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। এমনকি এই হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তরুণী নাম সোফিয়া, তিনি স্থানীয় একটি হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। 

পুলিশের তদন্ত অনুযায়ী, গত ১২ আগস্ট রাতে সোফিয়াকে নিয়ে তার বাবা মোহাম্মদ ফারুক ও ৩৮ বছর বয়সী ভাই মোহাম্মদ হাবিল মোটরসাইকেলে ঘুরতে বের হন। গেহলজিপুরা গ্রামের কাছে একটি নির্জন মাটির পথে মোটরসাইকেলটি নিয়ে যান হাবিল। সেখানে একটি হাতুড়ি দিয়ে সোফিয়ার মাথায় একাধিকবার আঘাত করেন তিনি।  

পরে বাবা-ছেলে মিলে গুরুতর আহত সোফিয়াকে মূল সড়কে নিয়ে আসেন। এরপর মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত করে ঘটনাস্থলের চিত্র এমনভাবে সাজানো হয়, যাতে এটিকে নিছক সড়ক দুর্ঘটনা বলে মনে হয়।

কিছুক্ষণের মধ্যেই হাবিল পুলিশের কাছে গিয়ে দাবি করেন, পেছন থেকে একটি দ্রুতগতির গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সোফিয়া গুরুতর আহত হন এবং তিনি নিজেও  আঘাত পেয়েছেন বলে দাবি করেন। 

এদিকে গুরুতর আহত অবস্থায় সোফিয়াকে সোলা সিভিল হাসপাতালে নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়।

তবে তদন্তে জানা যায়, প্রায় তিন মাস আগে সোফিয়ার সঙ্গে এক ব্যক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিওকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও সামাজিকভাবে অপমান বোধ তৈরি হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।

পুলিশের অভিযোগ, সেই ক্ষোভ থেকেই সোফিয়াকে হত্যার পরিকল্পনা করা হয়। তদন্তে আরও উঠে এসেছে, হাবিল আগেই তার প্যান্টের মধ্যে একটি লোহার হাতুড়ি লুকিয়ে রেখেছিলেন। পরে পরিকল্পনা অনুযায়ী হত্যার পর ঘটনাস্থলকে দুর্ঘটনার চেহারা দেওয়া হয়।

এ ঘটনায় সোফিয়ার বাবা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। উভয় অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। 

প্রসঙ্গত, ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ‘অনার কিলিং’ ‘পারিবারিক সম্মান রক্ষা’র নামে এই ধরণের হত্যাকাণ্ড বেড়েই চলেছে। 

সূত্র: এনডিটিভি

এমএইচআর