আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম
ভারতের মুম্বাইয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত অনুষ্ঠানের আগে অনুষ্ঠানস্থল থেকে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের একজনের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে এবং অন্যজন নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তা পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) গ্লোবাল ফিনটেক ফেস্ট (জিএফএফ) উদ্বোধনের কথা রয়েছে মোদির।
মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মোদির সফরকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সোমবার রাতে নিরাপত্তা মহড়ার সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা আরেক ব্যক্তিকেও আটক করা হয়, যাকে তিনি নিজের দেহরক্ষী হিসেবে নিয়ে এসেছিলেন।
পুলিশ আরও জানায়, আটককৃতদের মধ্যে ২৪ বছর বয়সী রোহান পারেখ নামে একজন নিজেকে পিএমও কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে যাচাইয়ের পর তার কাছে থাকা পরিচয়পত্রটি ভুয়া বলে প্রমাণিত হয়। তার সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। যদিও অস্ত্রটির লাইসেন্স রয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব নিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। আটক দুজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মোবাইল ফোন, পরিচয়পত্র ও অন্যান্য সামগ্রী পরীক্ষা করা হচ্ছে। তাদের অনুষ্ঠানস্থলে প্রবেশের উদ্দেশ্য এবং ভুয়া পরিচয় ব্যবহারের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
তবে এখন পর্যন্ত আটক ব্যক্তিদের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি। তদন্ত শেষ হওয়ার পর অভিযোগের প্রকৃতি ও পরবর্তী আইনি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে ঘটনার পর প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের অনুষ্ঠানে ভুয়া পরিচয়পত্র নিয়ে প্রবেশের চেষ্টা এবং অস্ত্র উদ্ধারের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএইচআর