আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি ও ইহুদিদের লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তির হামলার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি)। এর অংশ হিসেবে বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার প্রকাশিত হালনাগাদ নিরাপত্তা মূল্যায়নে এনএসসি বলেছে, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো বিদেশে ইসরায়েলি ও ইহুদিদের জন্য প্রধান বৈশ্বিক সন্ত্রাসী হুমকি হিসেবে রয়ে গেছে। বিশেষভাবে আজারবাইজান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের কথা উল্লেখ করেছে কাউন্সিল।
অন্যদিকে জর্ডান, কাতার, সোমালিল্যান্ড এবং সিনাই উপদ্বীপসহ মিশরকে লেভেল ৪ ভ্রমণ সতর্কতার অধীনে রাখা হয়েছে, যেখানে ইসরায়েলিদের ট্রানজিট স্টপও এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে এনএসসি। তবে জরুরি প্রয়োজনে এই দেশগুলোর মধ্য দিয়ে যাতায়াতকারী ইসরায়েলিদের বিমানবন্দর টার্মিনাল ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এনএসসি-এর তালিকায় বাংলাদেশসহ সোমালিয়া, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া ও আলজেরিয়াকে উচ্চঝুঁকির দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি ইসরায়েলিদের এসব দেশে ভ্রমণ বা অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
ইসরায়েলি নিরাপত্তা কাউন্সিল আরও জানিয়েছে, তাদের সর্বশেষ বার্তাটি মূলত বিশ্বব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রবণতা ও বিদেশে ইসরায়েলিদের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য দেওয়া হয়েছে; এটি সব দেশের জন্য নতুন করে ভ্রমণ সতর্কতা জারির ঘোষণা নয়।
ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সামনে ইহুদিদের ধর্মীয় উৎসবের সময় এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকীকে ঘিরে বিভিন্ন দেশে বিক্ষোভ, সহিংসতা ও সম্ভাব্য হামলার ঝুঁকি বাড়তে পারে। এ কারণে বিদেশে থাকা ইসরায়েলিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও ইসরায়েলিদের প্রকাশ্যে ইসরায়েলি বা ইহুদি পরিচয় প্রকাশ করে এমন প্রতীক ব্যবহার না করা, সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক অবস্থান প্রকাশ না করা, বিক্ষোভ এড়িয়ে চলা এবং সিনাগগ, ইহুদি কমিউনিটি সেন্টার ও অন্যান্য ইহুদি সমাবেশস্থলের আশপাশে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এনএসসি।
উল্লেখ্য, বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরায়েলি নাগরিকরা বাংলাদেশে আসে না। ফলে ইসরায়েলি নিরাপত্তা কাউন্সিলের এই সতর্কবার্তা বাংলাদেশের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট নিরাপত্তা ঘটনার ভিত্তিতে নয়; বরং বিদেশে ইসরায়েলি নাগরিকদের জন্য ইসরায়েলের সামগ্রিক নিরাপত্তা মূল্যায়নের অংশ।
সূত্র: জেরুজালেম পোস্ট
এমএইচআর