Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ এএম

কোরীয় উপদ্বীপে সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে যুক্তরাষ্ট্রের নের্তৃত্বে দক্ষিণ কোরিয়া ও জাপান পাঁচ দিনব্যাপী সামরিক মহড়া শুরু করেছে। এটি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

উত্তর কোরিয়া এ সামরিক মহড়ার কঠোর নিন্দা জানিয়েছে এবং কোরীয় উপদ্বীপে ওয়াশিংটনের ক্রমবর্ধমান উস্কানিমূলক সামরিক কার্যকলাপের পরিণতি ভয়াবহ হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। খবর আনাদোলুর।

মার্কিন প্যাসিফিক কমান্ডের তথ্যমতে, ফ্রিডম এজ নামে মহড়ার চতুর্থ পর্ব জাপানের ইয়োকোটা বিমান ঘাঁটিতে সোমবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে এবং এটি শুক্রবার পর্যন্ত চলবে।

এই মহড়া দক্ষিণ কোরিয়ার দক্ষিণে আন্তর্জাতিক জলসীমা ও আকাশসীমায়, সেইসঙ্গে জাপানের সামরিক স্থাপনা ও কমান্ড পোস্টে পরিচালিত হচ্ছে।

ফ্রিডম এজ মহড়াটি আকাশ, সামুদ্রিক ও সাইবার ক্ষেত্রে আন্তঃকার্যক্ষমতার পাশাপাশি সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে।

দক্ষিণ কোরিয়া এই মহড়াকে প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করেছে এবং বলেছে যে এর লক্ষ্য হলো উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করা।

তবে, উত্তর কোরিয়া এই ত্রিপক্ষীয় মহড়াকে নিজেদের এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য হুমকি হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কর্তৃক প্রচারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে, উত্তর কোরিয়া ওয়াশিংটনকে “সামরিক উস্কানি” দেওয়ার অভিযোগ করেছে এবং এর দাঁতভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম সং জি “কোরীয় উপদ্বীপে একটি গুরুতর সামরিক সংঘাত ও সংঘর্ষের সম্ভাবনা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বেপরোয়া সামরিক পদক্ষেপের বিরুদ্ধে একটি সতর্কবার্তা” জারি করেছেন।

-এমএমএস