আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম
ভারতের অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা করার অভিযোগ উঠেছে এক ভারতীয় যুবকের বিরুদ্ধে। শিক্ষার্থীর সঙ্গে ধস্তাধস্তির পর পালানোর সময় বহুতল ভবনের পিলার বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার কাকিনাদা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম কমলেশ যাদব (৪৩)। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং স্থানীয় একটি মদের দোকানে কাজ করতেন। আর বাংলাদেশি ওই ছাত্রী স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ওই ছাত্রী মাত্র ১০ দিন আগে অচ্যুতাপুরম এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার সঙ্গে একই বাসায় এক পুরুষ বন্ধু থাকতেন, যিনি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজ করেন।
পাশের একটি বহুতল ভবনের ভাড়া করা কক্ষে থাকতেন কমলেশ যাদব। ওই ছাত্রীকে তার দোকানের সামনে দিয়ে কয়েকবার যেতে দেখেছিলেন।
ঘটনার দিন ওই ছাত্রীর পুরুষ বন্ধু কাজে বেরিয়ে যাওয়ার পর তিনি বাসায় একা ছিলেন। এ সময় কমলেশ তার কাছে আসেন। প্রথমে শৌচাগার পরিষ্কার করে দেওয়ার বিষয়ে কথা বলেন। পরে কিছুক্ষণ পরিষ্কার করার ভান করে ওই ছাত্রীর ওপর যৌন নিপীড়নের চেষ্টা করেন।
ওই শিক্ষার্থী তখন বাধা দেন এবং অভিযুক্তের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড়ে বেরিয়ে গিয়ে স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানান। এরপর আতঙ্কিত হয়ে কমলেশ ভবন থেকে পালানোর চেষ্টা করেন। তিনি একটি পিলার বেয়ে নিচে নামার সময় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় বাসিন্দারা বাংলাদেশি ওই ছাত্রীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কমলেশের মরদেহ উদ্ধার করে।
আনাকাপল্লী জেলা পুলিশের সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও জানিয়েছেন, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ঘটনার আগে কী ঘটেছিল এবং অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের পূর্ণাঙ্গ বিবরণ যাচাই করা হচ্ছে।
সূত্র: ইটিভি ভারত
এমএইচআর