Dhaka Mail Logo

আন্তর্জাতিক

এবার নিজের মুখের আদলে ইরানের মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

ইরানকে ঘিরে চলমান সংঘাতের উত্তেজনার মধ্যেই এবার দেশটির মানচিত্রকে নিজের মুখের অবয়বের আদলে সাজানো একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এআই দিয়ে তৈরি ছবিটি পোস্ট করেন তিনি। 

ট্রাম্পের প্রকাশিত ছবিতে ইরানের প্রচলিত মানচিত্রের সঙ্গে পরিবর্তিত একটি মানচিত্র দেখানো হয়। পরিবর্তিত অংশে দেশটির সীমানা এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পের মুখ ও চুলের পাশের অবয়বের মতো দেখায়। তবে ছবিটির সঙ্গে এর উদ্দেশ্য বা নির্দিষ্ট রাজনৈতিক বার্তা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

একই দিনে ইরানকে লক্ষ্য করে আরও কয়েকটি এআই-নির্ভর ছবি ও পোস্ট প্রকাশ করেন ট্রাম্প। 

এসব পোস্টে ইরানের তেল রফতানি কমে যাওয়া, অর্থনৈতিক সংকট এবং কৌশলগত খার্গ দ্বীপের তেল অবকাঠামোকে ঘিরে হুমকির ইঙ্গিত দেওয়া হয়। 

একটি এআই-নির্মিত ছবিতে যুদ্ধবিমান থেকে তেলক্ষেত্রে বোমা হামলার দৃশ্য দেখিয়ে ট্রাম্প লেখেন, ‘বাই বাই খার্গ’। 

অন্য একটি ছবিতে দেখানো হয়, ২০২৫ সালের শুরুর দিকে প্রতি মার্কিন ডলারে রিয়ালের মান যেখানে ছিল প্রায় ৯ লাখ, তা সাম্প্রতিক পরিসংখ্যানে কমে দাঁড়িয়েছে ডলারে ২২ লাখ ৭০ হাজারের বেশি।

trump-iran

এদিকে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এমন পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। 

সম্প্রতি হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। পরে অবশ্য বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার মতো কিছু নয় বলে ইঙ্গিত দেন।

অন্যদিকে ট্রাম্পের এসব বার্তার জবাবে ইরানও কঠোর অবস্থান জানিয়েছে এবং নতুন যেকোনো মার্কিন হামলার বিরুদ্ধে আরও শক্তিশালী জবাব দেওয়ার হুমকি দিয়েছে। একই সঙ্গে ইরানি বন্দরগুলোতে ওয়াশিংটনের পাল্টা অবরোধেও হরমুজ প্রণালিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করেছে তেহরান। 

দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, ‘ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার জবাব হবে আরও দ্রুত, তীব্র ও কঠোর’।

পৃথকভাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মেজর জেনারেল মহসেন রেজাই বলেছেন, আগামী দিনে ইরান হরমুজ প্রণালির কাছে একটি ‘নিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠা করবে।

তিনি জানান, এই এলাকাটি মার্কিন নৌবাহিনীর অবরোধ লাইন থেকে শুরু হবে এবং পারস্য উপসাগরের এলাকাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে। এই নতুন এলাকায় প্রবেশকারী যেকোনো জাহাজকে ইরানের নিষেধাজ্ঞা তালিকায় রাখা হবে। 

সূত্র: এনডিটিভি

এমএইচআর