Dhaka Mail Logo

আন্তর্জাতিক

দিল্লির ধসে পড়া ভবনে আটকা পড়েছে অনেকে, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টা নাগাদ চাণক্যপুরীর কাছে মোতিবাগ এলাকায় একটি পাঁচতলা ভবন ভেঙে পড়েছে। 

এ সময় ভবনটিতে অর্ধশত বাসিন্দা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইউনিট।

স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তাদের সবাইকেই দিল্লির এমসে ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আশঙ্কাজনক অবস্থায় চারজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। 

দমকল কর্মকর্তারা জানান, ওই বাড়িতে অনেক শিক্ষার্থী ‘পেইং গেস্ট’ হিসেবে থাকতেন। রোববার ছুটির দিন হওয়ায় অনেকেই বাড়িতে ছিলেন। 

এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় ওই বাড়িতে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়া ওই বাড়ির আশপাশে আরও কয়েকটি বাড়িও পড়ুয়াদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়। তেমনই এক বাড়ির ‘পেইং গেস্ট’ শিক্ষার্থী সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি কয়েকজনের আর্তনাদ শুনেছেন।

বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের সবাইকে দিল্লির এমসে ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চারজনের অবস্থাই আশঙ্কাজনক। এদের মধ্যে একজন কিছুক্ষণ পরই মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, এটি ছিল মূলত আবাসিক ভবন। তবে সেখানে অনেক শিক্ষার্থী পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। ওই বাড়ির নিচে অনেক গাড়ি পার্ক করা ছিল। 

বাড়িটি ভেঙে পড়ার কারণে সেই গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিসিপি (দক্ষিণ-পশ্চিম) অমিত গোয়ল বলেন, কতজন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন, সেই সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা। তিনি বলেন, আমরা প্রার্থনা করছি আটকে পড়া সবাইকে জীবিত অবস্থায় যাতে উদ্ধার করা যায়। 

মুখ্যমন্ত্রী (রেখা গুপ্ত) ঘটনাস্থলে একটি দলও পাঠিয়েছেন। ঘটনাস্থলটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছেই। ফলে ওই এলাকায় অনেক শিক্ষার্থী বাস করেন। 

কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, সেই কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের দাবি, ওই বিল্ডিংয়ের বেসমেন্টে নির্মাণের কাজ চলছিল। রোববার আচমকা হুড়মুড়িয়ে ধসে পড়েছে পাঁচতলা ওই বাড়িটি।

-এমএমএস