আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে একটি বহুতল ভবন ধসে পড়েছে।
এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ভবন ধসের খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস।
খবর পেয়ে জরুরি বিভাগের কর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা এবং ধ্বংসস্তূপে তল্লাশি শুরু করে।
তবে এখন পর্যন্ত ভবন ধসে কেউ আটকা পড়েছেন বা আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে দিল্লি ফায়ার সার্ভিসের ডিভিশনাল অফিসার রামগোপাল মীনা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেছেন, পিয়ারেলাল রোডের জুয়েলার্স এলাকায় ওই ভবনে ধসের ঘটনা ঘটে।
সেখানে ভবনটি ভাঙার কাজ চলছিল। ভবনটি অনেক পুরোনো এবং জরাজীর্ণ অবস্থায় ছিল।
দমকল কর্মকর্তারা জানান, ওই বাড়িতে অনেক শিক্ষার্থী ‘পেইং গেস্ট’ হিসেবে থাকতেন। রোববার ছুটির দিন হওয়ায় অনেকেই বাড়িতে ছিলেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় ওই বাড়িতে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়া ওই বাড়ির আশপাশে আরও কয়েকটি বাড়িও শিক্ষার্থীদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়।
তেমনই এক বাড়ির ‘পেইং গেস্ট’ শিক্ষার্থী সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে তিনি কয়েকজনের আর্তনাদ শুনেছেন।
রোববার বিকেল ৪টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
তাদের সবাইকে দিল্লির এমসে ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চারজনের অবস্থাই আশঙ্কাজনক।
-এমএমএস