Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ এএম

যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো। শনিবার (৫ সেপ্টেম্বর) কায়লোসহ তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের যুদ্ধজাহাজে হামলা চালানোর পর এর জবাবে ট্যাংকারগুলোতে হামলা করা হয়।

ওমান উপসাগরে ইরানের ট্যাংকারটি ডুবে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকম।

রোববার সকালে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর ট্যাংকারটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ‘পেশাদারিত্ব ও নিখুঁততার’ কারণে এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে। বিবৃতিতে ট্যাংকারটিকে ইরানের নৌবাহিনীর সঙ্গে ‘সমুদ্রের নিচে যোগ দেওয়া’ বলেও উল্লেখ করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দুই দেশের মধ্যে টানা ৪০ দিন যুদ্ধ চলে। যুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরানের নৌবাহিনীকে প্রায় পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং দেশটির বেশির ভাগ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে।

সেন্টকমের সর্বশেষ বিবৃতিতেও সেই দাবির পুনরাবৃত্তি করা হয়েছে। তারা বলছে, আগে ইরানের নৌবাহিনীর যেসব জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল, নতুন করে এমটি কায়লোও সেগুলোর সঙ্গে যুক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তিনটি মার্কিন যুদ্ধজাহাজ এবং হরমুজ প্রণালিতে অনুমতিবিহীন রুটে চলাচলকারী আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সূত্র: আল জাজিরা।

এমআর