Dhaka Mail Logo

আন্তর্জাতিক

‘ভয়ে’ ইসরায়েলে হামলা চালাচ্ছে না ইরান: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার উত্তেজনার মধ্যেই ইরানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দখলদার প্রধানমন্ত্রীর দাবি, ইসরায়েলের সামরিক শক্তি ও পাল্টা হামলার ভয়েই ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অন্যদেশগুলোতে হামলা চালাচ্ছে তেহরান।

বৃহস্পতিবার তেল আবিবে আইডিএফ জেনারেল স্টাফ ফোরামের এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। 

মূলত, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ও সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে এখন ইসরায়েলের বিরুদ্ধে তেহরান এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। 

image

এ বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তারা আমাদের (ইসরায়েল) আক্রমণ করছে না। তারা আমাদের ছাড়া বাকি সবাইকে আক্রমণ করছে। তারা আমাদের শক্তি, আমাদের পাল্টা আঘাতের ক্ষমতা জোর এবং আমাদের সংকল্প সম্পর্কে জানে।’ 

ইরানতে হুঁশিয়ারি দিয়ে দখলদার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সাথে ঝামেলা করো না। (আগের হামলা থেকে) যদি কিছু শিখে থাকো, তবে জেনে রাখো, আমাদের সাথে ঝামেলা করো না। তোমাদের পরাজিত করার মতো শক্তি, সংকল্প এবং অভ্যন্তরীণ ঐক্য আমাদের আছে।’

তিনি আরও দাবি করেছেন, ‘ইরানের বর্তমান সরকারের পতন ঘটানোই ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল’।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সতর্কবার্তার পর একই দিনে নেতানিয়াহুর এই হুঁশিয়ারি এলো।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কাটজ বলেছিলেন যে যদি ইরান ইসরায়েলে হামলা করে, তাহলে ইরানের শাসকগোষ্ঠীর সমস্ত সরকারি অবকাঠামো, জ্বালানি ও বিদুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইসরায়েলি সামরিক বাহিনী। 

এদিকে নেতানিয়াহু বা কাটজের মন্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলি নেতাদের এই ধরনের বক্তব্য নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের নজর এখন যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের দিকে। পাল্টাপাল্টি হামলা আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

এমএইচআর