Dhaka Mail Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ প্রস্তাব দেন।

ট্রাম্প লিখেছেন, “এখন যেহেতু এটি (হরমুজ প্রণালি) যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, হরমুজ প্রণালির নাম কি ‘ট্রাম্প প্রণালি’ করা উচিত?..... নতুন নামটি আমেরিকার মতোই আরও ‘উত্তপ্ত’ হবে।”

image

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্টের সেই বিবৃতিটি শেয়ার করেছে হোয়াইট হাউস।

পোস্টে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর সাথে একটি মানচিত্রও প্রকাশ করা হয়েছে, যেখানে হরমুজ প্রণালির পরিবর্তে ‘ট্রাম্প প্রণালি’ উল্লেখ করা আছে।

 

কানাডার সঙ্গে বাণিজ্যযুদ্ধের জেরে ‘লেক অন্টারিওর’ নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেওয়ার এক সপ্তাহ পর ট্রাম্পের পক্ষ থেকে এমন প্রস্তাব এলো। 

এর আগে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার প্রথম দিনই মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করার ঘোষণা দেন ট্রাম্প। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো ভৌগোলিক নাম একতরফাভাবে পরিবর্তন করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। হরমুজ প্রণালির ক্ষেত্রেও ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়ন করতে আন্তর্জাতিক স্বীকৃতির বড় বাধা রয়েছে।

অন্যদিকে একই দিনে হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ওপর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, ‘আমরা তাদের ওপর খুব শক্তিশালী হামলা চালিয়েছি। যুক্তরাষ্ট্র এ মুহূর্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। আমরা হরমুজ দিয়ে প্রতিদিন অসংখ্য জাহাজ বের করে আনছি। যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল আছে। ইরানিরা প্রত্যেকবার একটি করে ড্রোন ছুড়ে। আমরা সেগুলোকে ভূপাতিত করে দেই। হরমুজে আমাদের শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে।’

তবে ট্রম্পের এই ইরান এই দাবি অস্বীকার করে আসছে এবং এই নৌপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি কৌশলগত জলপথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; সংঘাতের আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ২০ শতাংশেরও বেশি এই পথ দিয়ে পরিবাহিত হতো।

সূত্র: ডন, আনাদোলু

এমএইচআর