Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ক্যানসার তহবিল চুরি করে বিয়ে-হানিমুন, ব্রিটিশ-বাংলাদেশির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

যুক্তরাজ্যে ক্যানসার রোগীদের সহায়তা করা দাতব্য সংস্থার প্রায় ৯২ হাজার পাউন্ড আত্মসাৎ করে নিজের বিয়ে ও হানিমুনের খরচ করার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লন্ডনের রয়্যাল কোর্টস অব জাস্টিসে নিজের অপরাধ ও অর্থপাচারের অভিযোগ স্বীকার করার পর বিচারক এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তামিম চৌধুরী (২৯)। তিনি উত্তর লন্ডনের হ্যাকনিতে বসবাস করতেন এবং 'ব্রেস্ট ক্যানসার নাও' নামের একটি স্তন ক্যানসার দাতব্য সংস্থায় ফিন্যান্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নিজের দায়িত্ব ও প্রতিষ্ঠানের ওপর থাকা আস্থার সুযোগ নিয়ে তিনি প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দ অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ঘটনাটি ঘটে ২০২৩ সালের আগস্টে। ওই সময় ক্যান্সার গবেষণা বিষয়ক শীর্ষ প্রতিষ্ঠান দ্য রয়্যাল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট-এর পক্ষ থেকে ব্রেস্ট ক্যানসার নাও-কে অনুদানের ৯১ হাজার ৯৬৬ দশমিক ৭২ পাউন্ড দেওয়ার কথা ছিল।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত তামিম প্রতিষ্ঠানের করপোরেট ই-মেইল ব্যবহার করে নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাঠান। একই সঙ্গে ব্রেস্ট ক্যানসার নাও-এর লেটারহেড ব্যবহার করে ওই অর্থ নিজের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করেন। ২০২৪ সালের ১৬ আগস্ট পুরো অর্থটি নিজের অ্যাকাউন্টে পাওয়ার পর তিনি তা ব্যক্তিগত কাজে ব্যয় করতে শুরু করেন। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের প্রায় ৪৯ হাজার ১০০ পাউন্ড নিজের বিয়ে ও হানিমুনের খরচে ব্যবহার করেন। পাশাপাশি ব্যক্তিগত দেনা পরিশোধ, নগদ অর্থ উত্তোলন এবং বিলাসী পণ্য কেনার পেছনেও অর্থ ব্যয় করেন। এর মধ্যে প্রায় ১৪ হাজার পাউন্ড মূল্যের ‘আলেকজান্ডার ব্রাউন’ নামে বিলাসবহুল আংটি কেনার কথাও তদন্তে উঠে এসেছে।

হঠাৎ অস্বাভাবিক লেনদেন নজরে আসার পর স্যানটান্ডার ব্যাংক কর্তৃপক্ষ তামিমের অ্যাকাউন্টটি স্থগিত করে অবশিষ্ট ৪২ হাজার ৮৬৬ দশমিক ২৫ পাউন্ড জব্দ করে। 

পরে ব্রেস্ট ক্যানসার নাও- সংস্থার অভিযোগের ভিত্তিতে সিটি অব লন্ডন পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে এবং ২০২৫ সালের জুনে তামিমকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। তদন্তে অর্থ আত্মসাতের পাশাপাশি অর্থপাচারের বিষয়ও উঠে আসে।

লন্ডন পুলিশের জালিয়াতি দমন অভিযান দলের ডিটেকটিভ কনস্টেবল ইউসুফ মীর্জা বলেছেন, ‘তামিম চৌধুরী দাতব্য সংস্থাটির ভেতরে বিশ্বাসের পদের অপব্যবহার করেছেন’।

মঙ্গলবার আদালতে প্রতারণা ও অর্থপাচারের অভিযোগ স্বীকার করেন তামিম। পরে তাকে ২ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই দাতব্য প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা ও কর্মীদের ওপর থাকা আস্থার বিষয়টি নতুন করে সামনে এনেছে। বিশেষ করে ক্যানসারের মতো গুরুতর রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা ও সহায়তার জন্য সংগৃহীত অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের ঘটনা যুক্তরাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ


এমএইচআর