আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সরকার ও সশস্ত্র বাহিনীর সমর্থকদের একটি সমাবেশে দ্রুতগতির একটি গাড়ি ঢুকে পড়ায় চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার (২ সেপ্টেম্বর) নূর নিউজের বরাতে দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে সমাবেশস্থলের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সময় গাড়িটি প্রথমে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ায়।
এরপর নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তাবেষ্টনী ও ট্রাফিক সাইনবোর্ডে ধাক্কা দিয়ে সমাবেশে থাকা মানুষের ওপর উঠে যায়।
রাজাভি খোরাসান প্রদেশের ট্রাফিক পুলিশের প্রধান মোহসেন মুসা-আবাদি জানান, গাড়িটির চালককে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘটনার সময় চালক স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তবে তার শারীরিক বা মানসিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ঘটনার পরপরই হামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ঘটনাটিকে প্রাথমিকভাবে একটি সড়ক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
তদন্তকারীরা ঘটনার প্রকৃত কারণ এবং চালকের অস্বাভাবিক অবস্থার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছেন।
এমএমএস