Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আনন্দবাজারের অফিসের সামনে বিক্ষোভ, ফটকে লেপে দেওয়া হলো গেরুয়া রঙ

আন্তর্জাতিক ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে সংবাদের শিরোনামে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহারের প্রতিবাদে কলকাতায় আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে একদল গেরুয়া বসনধারী। এ সময় ভবনের মূল ফটকে গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি দেয়ালে গেরুয়া রঙ লেপে দেয় বিক্ষোভকারীরা।

ঘটনার সূত্রপাত মূলত গত ২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও ভাঙচুরকে ঘিরে। ওই ঘটনার পর আনন্দবাজার পত্রিকা প্রথম পাতায় ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনাম ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি গেটের ঐতিহ্যবাহী প্রতীক ভাঙচুরের ঘটনাকে সামনে আনা হয়েছিল। খবর প্রকাশের পর বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর একাংশ তীব্র আপত্তি জানায়।

এর পরেই আনন্দবাজার পত্রিকার সম্পাদককে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে অনেক আপত্তিজনক পোস্ট ছড়িয়ে পড়ে। এছাড়াও পত্রিকাটির সম্পাদক সম্পাদক ইশানী দত্ত রায়, সোমা মুখোপাধ্যায়সহ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করেছিল হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন। 

এদিকে এ বিষয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

গত শুক্রবার অন্য একটি সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘গেরুয়া তাণ্ডব শিরোনাম প্রত্যাহার করতে হবে। গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেব না।’

স্পষ্টতই তিনি আনন্দবাজার পত্রিকাকে উদ্দেশ করেই কথাগুলো বলছিলেন। তিনি আনন্দবাজার পত্রিকাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছিলেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘গণমাধ্যম যদি এই শব্দের জন্য ক্ষমা না চায়, তবে সনাতনী ও গেরুয়া বসনধারীরা রাস্তায় নেমে এর প্রতিবাদ জানাবে’।

সেই আলটিমেটামের ধারাবাহিকতা বজায় রেখেই আজ দুপুরে একদল বিক্ষোভকারী প্রফুল্ল সরকার স্ট্রিটে এসে জড়ো হয়।

মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই একটি নির্দিষ্ট সনাতনী সংগঠনের ব্যানারে বেশ কিছু মানুষ কলকাতার প্রফুল্ল সরকার স্ট্রিট অবস্থিত আনন্দবাজারের মূল ভবনের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেন। তাদের পরনে ছিল গেরুয়া পোশাক। এসময় তারা সেখানে এসে ‘জয় শ্রীরাম’ এবং ‘আনন্দবাজার ধিক ধিক ধিক্কার’ স্লোগান দিতে শুরু করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গেরুয়া পাগড়ি পরে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে কয়েকজন হাজির হয় আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে। সেই ভিড়ের মধ্যে একজন গেরুয়া রঙ লেপে দেয় অফিস ভবনটির সামনের দেওয়ালে। 

ভিডিওতে আরও দেখা গেছে, আনন্দবাজার পত্রিকার অফিস ভবনের সামনে থেকে একজন বিক্ষোভকারী বক্তব্য রাখেন, ‘পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জী ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত হবে না।’

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময়ে পুলিশ উপস্থিত থাকলে তাদের নিষ্ক্রিয় ভূমিকায় থাকতে দেখা যায়।

তবে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশিত হয়নি।

সূত্র: বিবিসি বাংলা, এবিপি আনন্দ

এমএইচআর