আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম
ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানের পর সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন নিক্ষেপ করে এই হামলা চালানো হয়। তবে ইরানের এই দাবি নাকচ করে আমিরাত দাবি করেছে, বিমানঘাঁটিতে হামলার খবর ‘মিথ্যা’।
কাতার-ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার ভোরে আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে বহু সংখ্যক ড্রোন নিক্ষেপ করা হয় বলে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।
ইরানের সেনাবাহিনী বলেছে, হামলার লক্ষ্য ছিল ঘাঁটিতে থাকা মার্কিন সেনা ও হেলিকপ্টারগুলোর অবস্থান।
ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিমানবাহিনী জানিয়েছে, তাদের পানিসীমার ওপর দিয়ে ইরান থেকে আসা ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে কি না বা সেটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যেকোনও সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে দেশটির আকাশসীমা পর্যবেক্ষণ ও সুরক্ষা দিচ্ছে।
অন্যদিকে আল মিনহাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইরানের দাবি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নাকচ করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর ‘মিথ্যা’।
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে তারা সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা ও হেলিকপ্টার লক্ষ্য করে কয়েক ডজন বিস্ফোরক ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি।

ইরান আল মিনহাদকে বিদেশি বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ রসদ ও বিমান পরিবহন কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে এবং মার্কিন সেনাদের বিরুদ্ধে আরও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।
ইরানের লারাক দ্বীপে রোববার (৩০ আগস্ট) মার্কিন হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
রোববার মার্কিন বাহিনী লারাক দ্বীপে দুটি ইরানি লঞ্চারে হামলা চালায়, যা ছিল জুলাইয়ের পর ইরানের ভূখণ্ডে প্রথম মার্কিন হামলা।
-এমএমএস